রায়পুরের জেলেদের ঈদের আনন্দ ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার লক্ষ্মীপুরের রায়পুরের জেলেপল্লিগুলোতে ঈদ উৎসবের ছোঁয়া লাগেনি। জেলেরা ঈদের দিন সকালে ছেলেমেয়ের মুখে তুলে দিতে পারেননি সেমাই-ফিরনি। তাদের জন্য কেনা হয়নি নতুন জামাও। মেঘনা নদীতে ইলিশ কম ধরা পরায় কয়েক মাস ধরেই তাঁদের হাতে টাকা-পয়সা ছিল না। তাই অন্যরা ঈদে আনন্দ করতে পারলেও জেলে পরিবারের দিনটি কেটেছে কষ্টে।
জেলেরা জানান, আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ চলছে। মেঘনা নদীতে সেভাবে এখনো ধরা পড়ছে না ইলিশ। এতে উপজেলার প্রায় ১০ হাজার জেলে ঈদ উৎসব উদ্যাপন করতে পারেননি। কয়েকজন আড়তদার জানান, অন্যান্য বছর আষাঢ় মাসে এ উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে এক শ থেকে দেড় শ টন ইলিশ পাঠানো হতো। এবারের আষাঢ়ে মাত্র সাত-আট টন ইলিশ পাঠানো হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সরকারি কোনো বরাদ্দ না থাকায় জেলেদের ঈদে কোনো সহযোগিতা করা যায়নি। এবার নদীতে তুলনামূলক ইলিশ কম পাওয়া যাচ্ছে। নদীতে পানি আরও বাড়লে ইলিশ ধরা পড়বে।
গত রোববার জেলেপল্লির কয়েকজন বাসিন্দা জানান, প্রতি বছর ইলিশ বিক্রি করে পাওয়া টাকা দিয়ে তাঁরা ঈদের কেনাকাটা করেছেন। ছেলেমেয়েকে নতুন জামা-কাপড় কিনে দিয়েছেন। কিন্তু এবার নদীতে ইলিশ মাছ কম ধরা পরায় তাঁদের হাতে টাকা ছিল না। তাই এবার তাঁরা ঈদে আনন্দ করতে পারেননি।