রায়ে অত্যন্ত আনন্দিত আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ে তিনি অত্যন্ত আনন্দিত। রায়ের পরে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ফলাফল আমরা এখন পাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় যাঁরা শহীদ হয়েছিলেন, এই বিচারের প্রক্রিয়ার মাধ্যমে সেই খুনিদের শাস্তি হচ্ছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। একই সঙ্গে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বহু দিন ধরে এদের ফাঁসির কথা ভেবেছিলাম। সেটা এখন হচ্ছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া কবে মন্ত্রিসভায় উঠবে—জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাঁরা চেষ্টা করছেন। পরে বিষয়টি সম্পর্কে বলবেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর অন্যতম অধিনায়ক ও চট্টগ্রাম গণহত্যার হোতা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগ অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার। বাকি ১২টি অভিযোগ অপহরণের পর আটকে রেখে নির্যাতনের। ১১ ও ১২ নম্বর অভিযোগের দুটিতেই তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।