রায়ে আওয়ামী লীগের শ্রদ্ধা ও সন্তোষ
চট্টগ্রামের বদরপ্রধান মীর কাসেম আলীর ফাঁসির রায়ে শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রায়ের পর নাশকতা করলে ইটটি মারলে পাটকেল খেতে হবে বলেও দলটি থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ অনুভূতি প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজায় স্বাধীনতাপ্রিয় দেশবাসীর সঙ্গে রায়ের প্রতি শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করছি।’ তিনি বলেন, যতটুকু খবর পেয়েছি—স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী দল আহূত হরতালে জনগণের ওপর কোনো প্রভাব পড়েনি। তবে তাদের নাশকতা কর্মকাণ্ডের আশঙ্কায় জনগণের স্বাভাবিক কর্মকাণ্ড কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।’
গতকাল নাটোরে খালেদা জিয়ার ভাষণের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নানক বলেন, ‘খালেদা জিয়া বলেছেন—তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। তাঁকে জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রী হওয়া কী আলাউদ্দিনের চেরাগ নাকি মামার বাড়ির মোয়া।’
জনসভার অনুষ্ঠান কেউ যেন লাইভ না দেখতে পারে সে জন্য সারা দেশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে নানক বলেন, ‘দুর্যোগ ও দুর্ঘটনা কারোরই কাম্য হতে পারে না। কিন্তু দুবারের প্রধানমন্ত্রীর মুখে কীভাবে উচ্চারিত হয় তাঁর জনসভার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার জন্য বিভ্রাট সৃষ্টি করা হয়েছে। এই উক্তি তিনি যদি প্রমাণ করেতে ব্যর্থ হন তাহলে নাক খত দিয়ে রাজনীতি থেকে তাঁর বিদায় নেওয়া উচিত।’
বাংলাদেশে বর্তমানে হিটলারি শাসন চলছে—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে নানক বলেন, ‘তাঁর স্বামী জিয়া ছিলেন হিটলার। সেখান থেকেই তিনি হিটলারি শাসন শিখেছেন। তাঁর আমলে যে হিটলারি শাসন চলেছে, তা ঢাকতেই তিনি এমন মন্তব্য করেছেন। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।’
আওয়ামী লীগ এখন একঘরে হয়ে পড়েছে—খালেদা জিয়ার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন নানক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনোকালেই একঘরে হয়ে পড়েনি। উনি এখন একঘরে হয়ে পড়েছেন। বিএনপির প্রতি জামায়াতের অনাস্থা তৈরি হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো নিলুর মতো অনেকে জোট ছেড়ে চলে যাবেন।’ খালেদা জিয়ার বক্তব্য ক্রমেই প্রতিহিংসা ও জিঘাংসাপূর্ণ হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী নানক।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আবদুল মান্নান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।