রায়ে আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আইনে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদ (আইসিপিআর) অনুসারে, গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসির সাজা দেওয়ার পক্ষে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, কামারুজ্জামানকে ফাঁসির সাজা দেওয়ায় কোনো ত্রুটি হয়নি।
সাজা পুনর্বিবেচনার (রিভিউ) রায়ে আপিল বিভাগ ভারতের মুম্বাই হামলা বা দিল্লিতে গণধর্ষণের মামলার উদাহরণ দিয়ে বলেছেন, জাতির সমগ্র বিবেককে নাড়িয়ে দেয় এমন অপরাধের ঘটনায় আদালত অন্ধ হয়ে থাকতে পারেন না।
গত সোমবার কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে তাঁর পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। দুদিনের মাথায় গতকাল পুনর্বিবেচনার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
৩৬ পৃষ্ঠার এ রায়টি লিখেছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এর সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান বিচারপতি, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বিকেলে রায় প্রকাশের পর এর অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।
রায়ে বলা হয়েছে, একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যার দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা ভুল হয়নি। সোহাগপুর হত্যাকাণ্ড হলো এমন এক বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষীরা ঘটনার প্রত্যক্ষদর্শী নন এবং সাক্ষ্যে অসামঞ্জস্য রয়েছে—আসামিপক্ষের এমন যুক্তিকেও নাকচ করে দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে অসামঞ্জস্য নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়েছিলেন—আসামিপক্ষের এ যুক্তিও বাতিল করে দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, বঙ্গবন্ধু সেই সব দালালকে ক্ষমা করেছিলেন, যারা কোনো ফৌজদারি অপরাধ করেনি।
বিশ্বে মৃত্যুদণ্ড হ্রাস পাচ্ছে—কামারুজ্জামানের ফাঁসির সাজা পুনর্বিবেচনায় তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের এ যুক্তি খণ্ডন করে আপিল বিভাগ বলেছেন, বিশ্বের ৫৫টি দেশে এখনো এটি কার্যকর আছে। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত ও সবচেয়ে ক্ষমতাধর গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৩টিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে সারা বিশ্বে ২ হাজার ৪৬৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ২০১৩ সালের তুলনায় কমপক্ষে ৫০০ জন বেশি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব প্রভৃতি দেশে হত্যার দায়ে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক।
পেনাল রিফর্ম ইন্টারন্যাশনালসের প্রতিবেদন উদ্ধৃত করে রায়ে বলা হয়েছে, বিশ্বের ১৩টি দেশে হত্যা ছাড়া অন্যান্য অপরাধেও মৃত্যুদণ্ডের বিধান আছে, যেমন ওষুধ পাচারকারীদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রযোজ্য। সংস্থাটির করা জনমত জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ও রাশিয়ার ৫২ শতাংশ মানুষ মৃত্যুদণ্ডের পক্ষে। পাকিস্তান, গাম্বিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, কুয়েত ও নাইজেরিয়া এর আগে মৃত্যুদণ্ড রহিত করলেও আবার চালু করেছে। এমনকি যুক্তরাজ্যের আইনও বিশেষ ধরনের অপরাধ যেমন রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে মত দেয়। আন্তর্জাতিক বিভিন্ন আইনের উদাহরণ দিয়ে রায়ে বলা হয়, আন্তর্জাতিক আইন মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেনি।