রায়ে আসামিপক্ষ বিস্মিত, আতঙ্কিত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের রায়ে হতাশা প্রকাশ করেছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘এই রায়ে আমরা স্তব্ধ, বিস্মিত ও আতঙ্কিত।’
গতকাল বৃহস্পতিবার রায়ের পর ধানমন্ডির বাসায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবদুর রাজ্জাক এ কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে কামারুজ্জামানের বয়স ছিল মাত্র ১৯ বছর। নুরেমবার্গ থেকে শুরু করে আজ পর্যন্ত যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের যত বিচার হয়েছে, তার কোথাও ১৯ বছরের একজন তরুণকে এ ধরনের অপরাধে বিচারের নজির নেই। আমরা মনে করি, তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেই তাঁকে বিচারের মুখোমুখি করা হয়েছে।’ আবদুর রাজ্জাক বলেন, ‘প্রাপ্ত সাক্ষ্যে মৃত্যুদণ্ড তো দূরের কথা, কোনো সাজাই হওয়ার কথা নয়। কারণ, এ মামলার অন্যতম সাক্ষী মোহন মুন্সি তাঁর জবানবন্দিতে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের সাক্ষীরা বলেছেন, কামারুজ্জামান পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দিতেন। কিন্তু আধুনিক যুগের সামরিক নেতৃত্বের কাঠামোর মধ্যে এটি অসম্ভব ব্যাপার।’
রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষী দেড় বছর সময় পেয়েছিলেন। কিন্তু আমাদের পাঁচজন সাক্ষীকে মাত্র চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এ ছাড়া এই মামলা আমলে নিয়েছিলেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত একটি আদালত, যিনি স্কাইপ কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেছিলেন।’
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘পদ্ধতিগত ত্রুটি এই রায়কে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই রায় সুপ্রিম কোর্টের মানের অনেক নিচে। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।’