রায়ে গণজাগরণ মঞ্চের অসন্তোষ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তাঁদের দাবি, এ দুজনের আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়ে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার মাহিদুর ও আফসারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই অসন্তোষ জানান। তিনি বলেন, একাত্তরে এ দুজনের দ্বারা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁরা এই রায়ের মাধ্যমে ন্যায্য বিচার পেলেন না। জনগণ তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় প্রত্যাশা করেছিল। সুতরাং সে জায়গা থেকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
রায় ঘোষণা উপলক্ষে গতকাল বেলা ১১টার পর থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় মঞ্চের কর্মী-সংগঠকেরা মাহিদুর ও আফসারের ফাঁসির দাবিতে স্লোগান দেন, লিফলেট বিতরণ করেন।