রায়ে প্রত্যাশা পূরণ হয়নি রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ে প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড বহাল থাকুক, এটাই ছিল আমার প্রত্যাশা। সেটা থাকেনি। এ জন্য আমার খুব খারাপ লাগছে।’
এ ক্ষেত্রে রায় পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে মাহবুবে আলম বলেন, ‘একটি বিশেষ আইনের অধীনে এই বিচার হচ্ছে। এখানে রিভিউ চলবে না। কাদের মোল্লার মামলায় তাঁরা রিভিউ করেছিল। কিন্তু সেটি খারিজ হয়েছে। ওই রায়ের সার্টিফায়েড কপি পেলেই বোঝা যাবে, আমি যা বলেছিলাম “আপিল করা চলবে না” সেটা হয়েছে কি না।’
জামায়াত নেতা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সংখ্যাগরিষ্ঠের মতে আসামি ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।