রায়ে সন্তুষ্ট নয় সাঈদীর পরিবার
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের রায়ে সন্তুষ্ট হতে পারেনি তাঁর পরিবার। সাঈদীর ছেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী আজ বুধবার রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা আপিল করার পরে আশা করেছিলাম এখানে ন্যায়বিচার হবে। তিনি অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।’ রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে, এই রায়ে হতাশা প্রকাশ করেছেন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার। তিনি বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে আগের রায় অর্থাৎ মৃত্যুদণ্ড বহাল না থাকায় আমি হতাশ হয়েছি।’
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাশ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি।’
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘পিরোজপুরবাসীর আশা ছিল সাঈদীর আগের রায় বহাল রাখবেন সর্বোচ্চ আদালত। কিন্তু তা না হওয়ায় আমরা খুশি হতে পারিনি।’
পিরোজপুরের স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আওয়াল বলেন, ‘এই রায়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রত্যাশা পূরণ হয়নি।’
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আসামি ও রাষ্ট্রপক্ষের করা দুটি আপিল সংখ্যাগরিষ্ঠ মতে আংশিক মঞ্জুর করে আজ এ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।