রায়ে হতাশ বাদীসহ স্থানীয় লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের দুই রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেনের আমৃত্যু কারাদণ্ডে হতাশ হয়েছেন মামলার বাদী বদিউর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা। গণহত্যায় সহায়তাকারী এ দুই রাজাকারের ফাঁসির রায় আশা করেছিলেন তাঁরা। তবে তাঁদের আমৃত্যু কারাদণ্ডের রায়ে গণহত্যাস্থল বিনোদপুর ও মনাকষার অনেকেই আনন্দ ও উল্লাস করেছেন।
মাহিদুর রহমানের (৮৪) বাড়ি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে এবং আফসার হোসেনের (৭৫) বাড়ি একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী বিনোদপুর ইউনিয়নের পারচৌকা গ্রামের বদিউর রহমান জানান, আফসার ও মাহিদুরের সহয়তায় তাঁর বাবাসহ ৩৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে ২৮ জনকে হত্যা করে পাকিস্তানি সেনারা। এই নির্মম গণহত্যার দায়ে আফসার আর মাহিদুরের ফাঁসির আদেশ আশা করেছিলেন তিনি। তিনি বলেন, ‘এই রায়ে আমি মোটেও সন্তুষ্ট নই।’ প্রসিকিউশনের সঙ্গে কথা বলে সর্বোচ্চ শাস্তি চেয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।
বদিউর রহমানের মতো রায়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা ও শহীদ পরিবারগুলো। বিনোদপুর ইউনিয়নের লছমনপুর গ্রামের মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু জানান, ‘যে রায় হয়েছে, সেটা আপতত মেনে নিয়েছি। তবে আমাদের প্রত্যাশা ছিল দুই রাজাকারের সর্বোচ্চ শাস্তি দিবে ট্রাইব্যুনাল।’
এরাদত বিশ্বাসের টোলা গ্রামের শহীদ ফজলুর রহমানের ছেলে এবং শহীদ আরিফুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, ‘তারা যে ধরনের অপরাধ করেছে, অর্থাৎ নির্বিচারে এলাকার কৃষক, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষকে হত্যা করেছে, তাতে তাঁদের ফাঁসি হওয়া উচিত ছিল।’ শহীদের সন্তান হিসেবে তিনি এ রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান।
তবে রায় ঘোষণার পরপরই একাত্তরের গণহত্যাস্থল বিনোদপুর উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক পটকা
ফুটিয়ে উল্লাস করেছে স্থানীয় লোকজন। সেখানে মিষ্টি বিতরণও করা হয়।