পিলখানা হত্যা মামলার রায়ের অনুলিপি নিতে খরচ হবে এক লাখ টাকার বেশি। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, বেশির ভাগ আসামির পক্ষেই এত টাকা খরচ করা সম্ভব হবে না। এ অবস্থায় আপিলের জন্য তাঁরা উচ্চ আদালতে যেতে পারবেন না।
এদিকে রায় ঘোষণার ছয় দিন পরও কোনো আসামি রায়ের অনুলিপি পাননি। আইন অনুসারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা অনুলিপি পাবেন বিনা মূল্যে। রায়ের অনুলিপি হাইকোর্টে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মৃত্যু পরোয়ানা ও সাজা পরোয়ানা জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এতে ৮৪৬ আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৭ জনকে খালাস দেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ১৩ জন পলাতক আছেন।
আসামিপক্ষের একজন আইনজীবী জানান, বিডিআর মামলার রায় প্রায় চার হাজার পৃষ্ঠার। আপিল করার জন্য সব আসামিকেই রায়ের অনুলিপি নিতে হবে। প্রচলিত নিয়মে রায়ের জন্য প্রতি পৃষ্ঠার কোর্ট ফি বাবদ খরচ দুই টাকা। আর টাইপ করার জন্য দিতে হয় প্রতি পৃষ্ঠা গড়ে ৩০ টাকা করে। এ হিসাবে চার হাজার পৃষ্ঠার রায়ের অনুলিপি তুলতে লাগবে প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
তবে ফৌজদারি কার্যবিধির ৩৭১ ধারা অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা বিনামূল্যে রায়ের অনুলিপি পাবেন। কিন্তু তাঁরাও অনুলিপি পাননি। মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫২ জনের মধ্যে ১৩৯ জন বিনামূল্যে রায়ের অনুলিপির জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
আইনজীবারা জানান, রায় ঘোষণার পর সাতদিনের মধ্যে আপিল করার নিয়ম। এর মধ্যে না পারলে পৃথক আবেদনের মাধ্যমে বিলম্বের ব্যাখ্যা দিতে হবে। উচ্চ আদালত সে ব্যাখ্যায় সন্তুষ্ট হলে আপিলের অনুমতি দেবেন।
আইনজীবীরা আরও জানান, অনুলিপির খরচসহ উচ্চ আদালতে আপিল করতে হলে প্রতিটি আসামিকে দুই লাখ টাকা করে খরচ করতে হবে। বেশির ভাগ আসামির সে সামর্থ্য নেই বলে তাঁরা মনে করেন।
আদালত সূত্র জানায়, গতকাল রোববার ১২টি প্যাকেটে করে মামলার রায় হাইকোর্টে পাঠানো হয়। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার আবদুল করিম জানান, গতকাল বিকেলে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় রায়ের অনুলিপি পৌঁছে দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, আইনানুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে রায়ের অনুলিপি পাওয়ার অধিকার রাখেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। কিন্তু ছয়দিন পেরিয়ে যাওয়ার পরও তাঁরা কোনো অনুলিপি পাননি।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান আসামিপক্ষের আইনজীবীদের জানিয়ে ছিলেন যে, ওই দিন তিনি রায় সরবরাহ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি।
আসামিপক্ষের আইনজীবী শামীম সরদার, রমজান আলী, এমদাদুল হক লাল অনুলিপি না পাওয়ার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, আদালতের লোকবল না থাকার কারণে রায়ের অনুলিপি দেওয়া সম্ভব হচ্ছে না।