
পিলখানা হত্যা মামলার রায় ঘোষণার পর এক মাস পেরিয়ে গেলেও রায়ের অনুলিপি পাননি কারাগারে আটক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা। এ কারণে তাঁরা হাইকোর্টে নিয়মিত আপিল করতে পারছেন না বলে জানিয়েছেন তাঁদের আইনজীবীরা।
এ মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরাও অনুলিপি না পাওয়ায় আপিল করতে পারছেন না। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৮ জন কারাগারে আটক রয়েছেন, বাকি ১৪ জন পলাতক।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত গত ৫ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে ৪৪ বছর, ১৫৭ জনকে ৪০ বছর ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ২৭৭ জন বেকসুর খালাস পান।
রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের রায় ঘোষণার সাত দিনের মধ্যে আপিল করতে হবে। আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া আসামিদের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
জানতে চাইলে মহানগর দায়রা জজ আদালতের অনুলিপি শাখার কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় কারাগারে আটক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৩৮ জনের রায়ের অনুলিপি ১ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মূল রায় হাইকোর্টে পাঠানো হয়েছে। তাঁদের যা দেওয়া হয়েছিল, তাঁরা তা সরবরাহ করেছেন।
আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে অনুলিপি পাবেন। কারাদণ্ডাদেশপ্রাপ্তদের নিজ খরচে সংশ্লিষ্ট আদালত থেকে অনুলিপি সংগ্রহ করতে হবে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা অনুলিপি পাবেন কারা কর্তৃপক্ষের মাধ্যমে।
আসামিপক্ষের আইনজীবীদের একজন এমদাদুল হক জানান, রায়ের অনুলিপি না পাওয়ায় আসামিরা হাইকোর্টে নিয়মিত আপিল করতে পারছেন না। ১৩ ডিসেম্বর হাইকোর্টে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আপিল করার মেয়াদও শেষ হতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে না পারলে এর ব্যাখ্যা আসামিপক্ষকেই দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ বরাবর কারাগারে আটক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৩৮ আসামির প্রত্যেকের নামে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ৩ ডিসেম্বর রায়ের একটি অনুলিপি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠিয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৩২ আসামির আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যরা রায়ের অনুলিপি পাচ্ছেন না। আমাকে একটি কপিও দেওয়া হয়নি। জেল আপিল করা হয়েছে। আপিল তো শুনানি করবেন আইনজীবীরা। অনুলিপির জন্য আবেদন করার পরও তা পাচ্ছি না।’