রায়ের কপি এখনো যায়নি, সাধারণ কক্ষে কাদের মোল্লা

রায়ের কপি না পৌঁছানোয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কনডেম সেলে (মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের জন্য নির্ধারিত কক্ষ) নেওয়া হয়নি।শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কারাগারের সাধারণ কক্ষেই রয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, চূড়ান্ত রায় ঘোষণার পর কারাগারে কাদের মোল্লার জন্য কনডেম সেল প্রস্তুত করা হয়েছে।কিন্তু রায়ের কপি এখন পর্যন্ত না পাওয়ায় তাঁকে সেখানে নেওয়া হয়নি।তাঁকে (কাদের মোল্লা) সাধারণ কক্ষেই রাখা হয়েছে।রায়ের কপি পেলেই ব্যবস্থা নেওয়া হবে।কারাগারের ভেতরে কাদের মোল্লা বাগানের মালি হিসেবেই নিযুক্ত আছেন।তবে আজ তাঁকে এ ধরনের কোনো কাজ করতে হয়নি।
কাদের মোল্লা এখন গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর ৬০ নম্বর কক্ষে আছেন।রায় ঘোষণার পর থেকে সাধারণ কক্ষেই তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।সন্ধ্যা পর্যন্ত কাদের মোল্লার পরিবারের কেউ তাঁর সঙ্গে দেখা করতে যাননি।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা বাড়িয়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন।গত মঙ্গলবার আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশের পর এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি।
নিয়ম অনুসারে, আপিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত আদেশ মামলার বিচারিক আদালত, অর্থাত্ ট্রাইব্যুনালে যাবে।সেখান থেকে ট্রাইব্যুনাল সাজার পরোয়ানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠাবেন।
এ বিষয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক গত মঙ্গলবার প্রথম আলোকে বলেছিলেন, কারাবিধি অনুসারে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে।যখন তারা জানবে কাদের মোল্লার আপিল খারিজ হয়ে গেছে, সে মুহূর্ত থেকে ফাঁসির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।