রায়ের কপি পাননি কামারুজ্জামানের আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ কামারুজ্জামান
মুহাম্মদ কামারুজ্জামান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখনো পাননি তাঁর আইনজীবীরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে এ কথা জানান।

রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন গতকাল সোমবার আপিল বিভাগ খারিজ করে দেন। আপিল বিভাগের এ রায় ঘোষণার মধ্য দিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারের সর্বশেষ ধাপ পার হয়েছে। এখন শুধু তাঁর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।

কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না-জানতে চাইলে শিশির মনির প্রথম আলোকে বলেন, কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা গতকাল সাক্ষাৎ করেছেন। বড় ছেলে হাসান ইকবালের মাধ্যমে তিনি জানিয়েছেন, রায়ের কপি পাওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রাণভিক্ষার আবেদন করা হবে কি না-এ বিষয়ে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

সকাল ১০টার দিকে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল প্রথম আলোকে জানান, তাঁরাও এখনো কোনো রায়ের কপি পাননি।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। পরে রায় ঘোষণার জন্য গতকাল দিন ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত। গতকাল সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসন নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কার্যতালিকার প্রথমে থাকা পুনর্বিবেচনার আবেদনের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড (খারিজ)’।

কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।