রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আবেদন নিয়মিত বেঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে করা আবেদন আগামী ৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।

আজ রোববার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন।

হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ।

অ্যাডভোকেট অন রেকর্ড বখতিয়ার হোসেন আবেদনটি দায়ের করেন। আবেদনকারীরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

গত বৃহস্পতিবার আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। ১৯২৬ সালের আদালত অবমাননার আইন রহিত করে ২৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন।

প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ এপ্রিল আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারা সংবিধানের ১০৮, ১১২ ও ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত।