রায়ের খসড়া ফাঁসের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা সাধারণ ডায়েরির (জিডি) পরপরই রায়ের খসড়া ফাঁসের তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রায় তৈরি ও লেখার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ফাঁসকারীকে শনাক্ত করার চেষ্টা করছে তারা।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ট্রাইব্যুনাল থেকে তিনটি কম্পিউটার জব্দ করা হয়েছে। রায় তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী প্রত্যেকের সঙ্গে কথা বলে রায় ফাঁসকারী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
ট্রাইব্যুনালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রায় প্রস্তুতের জন্য যেসব কম্পিউটার ব্যবহার করা হয়, সুনির্দিষ্ট কম্পিউটার অপারেটররাই সেগুলো পরিচালনা করেন। প্রত্যেক বিচারপতির জন্য কম্পিউটার অপারেটর, বেঞ্চ অফিসার, স্টেনোগ্রাফার প্রভৃতি পদে লোক থাকে। এ ছাড়া ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন ও নিম্ন পর্যায়ের কয়েক ধরনের কর্মকর্তা-কর্মচারীদের বিচারপতিদের কক্ষে প্রবেশাধিকার রয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারী নিয়মিত বিচারপতিদের কক্ষে প্রবেশ করতে পারেন, তাঁদের যে কারও পক্ষে একটি পেনড্রাইভ বা ওই জাতীয় ডিভাইসের সাহায্যে খসড়া রায় বের করে আনা সম্ভব।