রায়ের পর চট্টগ্রামে আনন্দ মিছিল

আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।
গতকাল বুধবার রায় ঘোষণার পর সংগঠনগুলো পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন সমাবেশে বক্তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানান। পাশাপাশি সাকা চৌধুরীর ‘টর্চার সেল’ খ্যাত চট্টগ্রামের গুডস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানানো হয়।
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ: মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখায় সমাবেশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সকাল সাড়ে আটটা থেকে চেরাগি পাহাড় মোড়ে জমায়েত হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শাহ আলম, কাজী আবছার উদ্দিন, তপন দস্তিদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, রাশেদ হাসান, সলীল চৌধুরী, অনুপ বিশ্বাস, কবি আশীষ সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি ন্যায়বিচার পেয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে টর্চার সেল হিসেবে ব্যবহৃত গুডস হিলকে সংরক্ষণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার দাবি জানান তাঁরা।
মুক্তিযোদ্ধা সংসদ: সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট।
সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন বলেন, ‘আপিল বিভাগ ফাঁসির রায় বহাল রাখায় চট্টগ্রামবাসী আনন্দিত। আমরা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, সাকার সম্পদ বাজেয়াপ্ত করে গুডস হিলকে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করা উচিত।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমরেড শাহ আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী, মহানগর ডেপুটি কমান্ডার শহীদুল ইসলাম সৈয়দ, জেলা ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আলীমুল্লাহ, সান্টু লাল সাহা, নাসির উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখা। সংগঠনের সভাপতি সীমান্ত তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শওকত বাঙালি, স্বপন সেন, মো. জোবায়ের, নাজমুল আলম খান প্রমুখ।