রায়ের পরই চট্টগ্রামে শিবিরের তাণ্ডব

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশের এক ঘণ্টার মধ্যে চট্টগ্রামে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা নাগাদ নগরের এনায়েত বাজার থেকে তিনপুলের মাথা পর্যন্ত এ তাণ্ডব চলে। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের দুই শীর্ষ নেতা ও মিছিলের সমন্বয়কসহ আটজনকে আটক করেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার বনোজ কুমার মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনপুলের মোড়ে শিবিরের কর্মীরা জড়ো হতে থাকেন।

পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা এনায়েত বাজারের দিকে ছুটে আসেন। এ সময় তাঁরা দুই পুলিশ সদস্যকে মারধর করেন। এ ছাড়া পুলিশের একটি ভ্যান ও থেমে থাকা একটি প্রাইভেট কারে আগুন দেন। ভাঙচুর করেন চার-পাঁচটি গাড়ি। আর অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট সব বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় যান চলাচলও। পুলিশ ওই এলাকা থেকে আটজনকে আটক করেছে।
আহত দুই পুলিশ সদস্য এসআই আলীম ও নায়েক প্রতাপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।