রায়ের পরই জামায়াতের তাণ্ডব শুরু

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পরপরই আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা। আরও কয়েক জায়গায় ঝটিকা মিছিল থেকে নাশকতা চালানোর চেষ্টাসহ ককটেল বিস্ফোরণের ঘটিয়েছেন তাঁরা।
ডেমরা
ইফতারের পর রাত আটটার দিকে ডেমরা রোডে যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। একজন প্রত্যক্ষদর্শী জানান, শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তাঁরা পেট্রল বোমা ছুড়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর মধ্যে দুটি যাত্রীবাহী বাস, দুটি ট্রাক ও একটি লেগুনা রয়েছে। বাসগুলোতে যাত্রী বোঝাই ছিল। শিবিরের হামলা ও অগ্নিসংযোগের পর যাত্রীরা হুড়মুড় করে বাস থেকে নেমে যান।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ২০-২৫ জনের একটি মিছিল থেকে যানজটে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। হামলাকারীরা স্টারলাইন পরিবহনের একটি বড় বাস, গ্লোরি পরিবহনের একটি মিনিবাস ও একটি বালুবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন। বাসগুলো তখন যাত্রী বোঝাই থাকলেও কেউ আহত হননি।
তবে ডেমরায় কোনো অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে নেই বলে জানানো হয়েছে।
কমলাপুর
কমলাপুর এলাকায় গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। আজ বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সায়েদাবাদের দিকে যাওয়ার সড়কে বেলা তিনটার দিকে জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল কিছু দূর যেতে না যেতেই রাস্তায় চলাচলরত কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এরপর রাস্তায় আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে পুলিশ এলে পালিয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ঝটিকা মিছিল বের করে গাড়ির কাচ ভাঙচুরের সময় পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।
ধানমন্ডি
ধানমন্ডি এলাকায় আবাহনী ক্লাবের সামনে চারটি ককটেল-সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ধানমন্ডি থানার উপপরিদর্শক প্রথম আলো ডট কমকে জানান, বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা হঠাত্ করে রাস্তায় নেমে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
প্রসঙ্গত, এর আগে বেলা পৌনে তিনটার দিকে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দিয়েছেন। জামায়াত রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে।