রাশিয়া থেকে সাবমেরিন কেনায় ভারতের স্বস্তি!
দুটি সাবমেরিন কেনার জন্য রাশিয়ার সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক আলোচনা শুরু করেছে। এই খবরে স্বস্তি প্রকাশ করেছে ভারত। এর আগে ‘মিং-শ্রেণির সাবমেরিন’ কেনার জন্য চীনের সঙ্গে বাংলাদেশ আলোচনা করছে—এমন খবরে ভারতের উদ্বেগ ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দিল্লির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির গত শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা কেনাকাটায় বাংলাদেশ চীনকেন্দ্রিক নীতি থেকে সরে আসার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে উৎসাহ দেওয়া যায়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এবং রাশিয়ায় তৈরি অস্ত্রও ভারতের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।
এদিকে ঢাকার সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাশিয়ার কাছে দুটি ডিজেলচালিত সাবমেরিন কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে সাবমেরিন দুটি তারা নৌবাহিনীতে যুক্ত করতে চায়। এ ছাড়া নৌবাহিনীর জন্য উড়োজাহাজ কেনারও পরিকল্পনা আছে তাদের। রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার বাংলাদেশে ব্যবহার করা হয়। আর ২০১৩ সালে বাংলাদেশকে অস্ত্র কেনার জন্য ১৫০ কোটি মার্কিন ডলার ঋণের প্রস্তাব দেয় রাশিয়া।