রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫ কিনতে বাংলাদেশ আগ্রহী বলে সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে। মিগ এয়ারক্র্যাফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারাসেনকোর বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থাটি এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও পেরুও এই জঙ্গি বিমান কিনতে আগ্রহী।
তাসের ওই প্রতিবেদনে বলা হয়, ২২ থেকে ২৭ আগস্ট মস্কোর থিম পার্ক প্যাট্রিয়টে অনুষ্ঠিত আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরামে এ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। আর্মি-২০১৭, একটি আান্তর্জাতিক মিলিটারি টেকনিক্যাল ফোরাম।
মিগ-৩৫-এর পরীক্ষামূলক উড্ডয়ন গত ২৬ জানুয়ারি শুরু হয়। এটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। ২০১৮ সাল থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে বলে বার্তা সংস্থাকে জানিয়েছে তারাসেনকো।
যুদ্ধবিমান কেনার ব্যাপারে জানতে চাইলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি না, সে রকম সুনির্দিষ্ট কোনো তথ্য তাঁদের কাছে নেই।
রাশিয়া থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম কেনার ঘটনা নতুন নয়। ১৯৯৯ সালে রাশিয়ার কাছ থেকে আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে বিমানগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো আর বিক্রি করা সম্ভব হয়নি।