রাশিয়া থেকে ২৪টি ইয়াক-১৩০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা
রাশিয়া থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। ইয়াক-১৩০ মিতেন যুদ্ধবিমান কেনার ব্যয় মেটানো হবে রাশিয়ার দেওয়া ১০০ কোটি মার্কিন ডলার ঋণের অর্থ থেকে। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসোবরনেক্সপোর্ট এই তথ্য জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় একটি অনুষ্ঠানে রসোবরনেক্সপোর্টের উপপ্রধান ভিক্তর কোমারদিন বলেন, ‘বাংলাদেশ তাদের চাহিদা অনুযায়ী অস্ত্রের তালিকা দিয়েছে, কিন্তু এটি রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়। ছোট একটি গোপন তথ্য আমি প্রকাশ করব। ইয়াক-১৩০ যুদ্ধবিমান কেনার বিষয়টি দুই দেশের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ।’ তিনি আরও জানান, চলতি বসন্তের শেষ নাগাদ এ বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা আছে।ইয়াক-১৩০ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান। এটি ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং বহন করতে পারে প্রায় তিন হাজার কেজি যুদ্ধ সমরাস্ত্র।