পারমাণবিক বিদ্যুৎ খাতে সহায়তার জন্য গতকাল সোমবার বাংলাদেশের সঙ্গে রাশিয়ার আরও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) রিয়াজ হামিদুল্লাহ জানান, বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে ওই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনার্জি করপোরেশনের (রোস্টম) মহাপরিচালক সার্গেই কিরিনকো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সমঝোতা স্মারকে বলা হয়েছে,পারমাণবিক বিদ্যুৎ খাতে প্রযুক্তিগত, ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের সহায়তা দেবে রাশিয়া। অন্যটিতে বলা হয়েছে, পারমাণবিক জ্বালানি, এর পরিচালনা ও নিরাপত্তা বিষয়ে জনগণকে তথ্য দিয়ে সচেতন করে তুলতে একটি তথ্যকেন্দ্র করা হবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে সার্গেই কিরিনকো বলেন, বাংলাদেশকে পারমাণবিক জ্বালানি খাতে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া। ইয়াফেস ওসমান বলেন, তথ্যকেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ ঢাকায় প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে জনগণ পারমাণবিক জ্বালানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তিনি জানান, রাশিয়ার একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।