পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগামী ২১ মে বাংলাদেশ ও রুশ সরকারের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এই চুক্তি হলে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়নের বিষয়ে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে। তবে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হবে আগামী সেপ্টেম্বর মাসে দুই দেশের সরকার প্রধানের মধ্যে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া যাওয়ার কথা রয়েছে। গতকাল রোববার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠক শেষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের এ কথা জানান। রূপরেখা চুক্তি স্বাক্ষরের জন্য বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার রাশিয়া যাবে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও উপস্থিত থাকবে বলে জানানো হয়। প্রকল্পটির বাস্তবায়ন, নিয়মিতভাবে অগ্রগতি তদারক, প্রকল্প সংশ্লিষ্ট ও কারিগরি বিষয় পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ছিল ওই কমিটির প্রথম বৈঠক। ইয়াফেস ওসমানের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। প্রতিমন্ত্রী জানান, ১৯৬১ সালে প্রথম এই প্রকল্পটির বিষয়ে যখন আলোচনা শুরু হয়, তখন থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু এবারই প্রথম কোনো দেশের সঙ্গে এত সুনির্দিষ্ট এবং বিস্তারিতভাবে চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তি স্বাক্ষরের পর ছয়-সাত বছর লেগে যাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে। বৈঠকে রূপপুর পরমাণু প্রকল্পের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানান প্রকল্পের পরিচালক শৌকত আকবর। পরমাণু শক্তি কমিশনের ফরিদউদ্দীন আহমেদ বলেন, কোরিয়া আগ্রহ দেখিয়ে প্রকল্পস্থল দেখে গেছে কিন্তু কোনো যোগাযোগ করেনি। ফ্রান্স ১০০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র বসায় না। চীনের বিদেশে কেন্দ্র স্থাপনে অভিজ্ঞতা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনাগ্রহের কথা জানিয়েছে। সে কারণে বাংলাদেশ রাশিয়ার দিকে ঝুঁকেছে। কেন্দ্রটি পরিচালনায় যে তিন শতাধিক জনবল প্রয়োজন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পর্কে পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান নঈম চৌধুরী প্রশ্ন তোলেন। এ বিষয়ে রাশিয়ার সহযোগিতা চাওয়া হবে বলে জানান শৌকত আকবর। সভায় জানানো হয়, আগে কয়েক দফা সমীক্ষা চালানো হলেও নতুন করে সেগুলো মূল্যায়ন করে দেখা হচ্ছে যে প্রকল্প এলাকা ভূমিকম্প, বন্যা, টর্নেডো বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে কি না। প্রকল্পের জন্য প্রচুর পরিমাণ পানির উৎস নিশ্চিত করার কথা বলা হয়েছে সভায়। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং বিষয়টি দেখছে বলে জানানো হয়। সভায় ইয়াফেস ওসমান এই বিষয়টি নিশ্চিত করতে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মো. ওয়াহেদুজ্জামানকে কাজ শুরু করতে বলেন।