রাশিয়ায় ‘ভার্চ্যুয়াল ট্যুর’
এর আগে গত সোম ও মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) চূড়ান্ত পর্বের ছয় প্রতিযোগী পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত প্রতিযোগিতা এবার হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। করোনার কারণে রাশিয়া থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়।
ঘরে বসে রাশিয়া দেখার এই আয়োজন মন্দ লাগেনি বাংলাদেশের প্রতিযোগীদের। তাঁদের একজন মো. মারুফ হাসান জানালেন, যেভাবেই হোক সেন্ট পিটার্সবার্গ তো দেখা হলো!
ভার্চ্যুয়াল ট্যুর শুরুর আগে প্রতিটি দেশের প্রতিযোগীরা সকালের নাশতার ছবি তুলে পাঠিয়েছিলেন ইনস্টাগ্রামে। আইএমও এর নাম দিয়েছে ‘স্যান্ডউইচ চ্যালেঞ্জ’। এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের সকালের নাশতায় কী খাওয়া হয় তা অন্যদের জানানো।
নাশতার ছবি তুলে পাঠানোর আয়োজন এবং ভার্চ্যুয়াল ট্যুর ‘অদ্ভুত’ লেগেছে বাংলাদেশের প্রতিযোগী আহসান আল-মাহীরের কাছে। বললেন, এটি অন্য রকম এক অভিজ্ঞতা। অনলাইনে হলেও এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের অন্যতম দিক হচ্ছে শতাধিক দেশের শিক্ষার্থীদের মধ্যে জানাশোনা ও বন্ধুত্বের সুযোগ তৈরি করা। একই সঙ্গে পুরোনো বন্ধুত্ব ঝালাই করা। এবারের আয়োজন সামনাসামনি না হলেও বন্ধুত্বের সুযোগ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ‘ডিসকর্ডে’ একটি গ্রুপ চালু করেছে আয়োজক দেশ রাশিয়া। বাংলাদেশ দলের আরেক সদস্য সৌমিত্র দাস বলেন, ডিসকর্ডে একটি গ্রুপ হওয়ায় কিছুটা হলেও অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে চেনাজানার সুযোগ হয়েছে।
ভার্চ্যুয়াল আয়োজনগুলো এই ঠিকানা থেকে দেখা যাবে https://instagram.com/v.imo2020/। আইএমওতে এবার ষোড়শবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ গণিত দল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী অনলাইন গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে এ বছর ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়।