রাশীদুল হাসানের কলম, সিলমোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশীদুল হাসান
রাশীদুল হাসান

শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানকে রাজাকাররা যেদিন বাড়ি থেকে তুলে নিয়েছিল, সেদিনের স্মৃতি দীর্ঘ ৪৬ বছরে একটুও ম্লান হয়নি তাঁর মেয়ে রোকাইয়া হাসিনার মন থেকে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তিনি ছিলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, এখন তিনি পেরিয়ে এসেছেন জীবনের মধ্যরেখা। কিন্তু বাবার শেষবিদায়ের ক্ষণটিকে এখনো মনে হয় একপলক আগের ঘটনা।

সেদিন বাবার ডান হাত আঁকড়ে ধরে ছিলেন রোকাইয়া। দরজার কাছে দাঁড়ানো খাকি পোশাকের লোকগুলোর মধ্য থেকে একজন জানতে চেয়েছিল, ‘আপনি কি রাশীদুল হাসান?’ বাবা ‘হ্যাঁ’ বলতেই তারা টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে গিয়েছিল তাঁকে।

রাশীদুল হাসানের একটি কলম আর তাঁর স্বাক্ষরের সিলমোহর রাখা আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের চতুর্থ গ্যালারিতে। সেখানে বিবরণে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষককে রাজাকার ও আলবদররা১৪ ডিসেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছিল।

বড় মেয়ে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রোকাইয়া হাসিনা প্রথম আলোকে জানান, উনসত্তরের অগ্নিঝরা দিনগুলোতে বাঙালির মুক্তির স্বপ্ন আন্দোলিত করেছিল রাশীদুল হাসানকে। গভীর অনুরাগী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও সভা–সমাবেশগুলোতে অংশ নিতেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেন স্বাধিকারের চেতনায়। মুক্তিযুদ্ধের সময় নানাভাবে যোগাযোগ রাখতেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। সম্ভব সব রকমের সহায়তা করতেন। এসব তথ্য আলবদরদের মুখ হয়ে চলে গিয়েছিল পাকিস্তানি সেনা কর্তাদের কানেও। বাবাকে নিয়ে রোকাইয়া হাসিনা এসব কথা বলছিলেন তাঁর ধানমন্ডির বাসায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাশীদুল হাসান ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন ১৯৫৮ সালে। ওই বছরই তিনি শিক্ষকতা শুরু করেন নরসিংদী কলেজে। তারপর যোগ দেন পাবনা এডওয়ার্ড কলেজে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন ১৯৬৭ সালে। রোকাইয়া হাসিনা জানান, তাঁদের দাদাবাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বড়শিজা গ্রামে। রাশীদুল বড়শিজাতেই উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করছেন। তাঁর বড় ভাই সরকারি চাকরিসূত্রে ঢাকায় ছিলেন। সে কারণে রাশীদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হয়েছিলেন। পড়ালেখা শেষ করে তিনি আর ভারতে ফিরে যাননি। এখানেই থেকে যান। অধ্যয়নের সময় বড়শিজা গ্রামে বেগম রোকাইয়া রশীদের সঙ্গে তাঁর পরিণয় হয়। মাহমুদ হাসান, রোকাইয়া হাসিনা ও সুরাইয়া আমিনা—এই তিন সন্তান তাঁদের।

মুক্তিযুদ্ধের সময় রাশীদুল হাসান সপরিবার থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকায় সার্জেন্ট জহুরুল হক হল–সংলগ্ন ২৩ নম্বর ভবনে। তখন ওই ভবনের পাশের সড়কে ছিল বিশাল বস্তি। পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ কালরাতে ওই বস্তিতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। শিক্ষকদের আবাসিক ভবনগুলোতেও ঢুকে হত্যা–নির্যাতন চালায় তারা।

রোকাইয়া হাসিনা বলেন, তাঁদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পাকিস্তানি সেনারা বসার ঘরে ভাঙচুর চালায়। পরিবারের সবাই খাটের নিচে লুকিয়ে ছিলেন। ওই রাতে বস্তি ও বিশ্ববিদ্যালয় এলাকার অনেক লোককে ধরে এনে ওই ভবনেরই ছাদে নিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে ছাদ থেকে ৩২টি লাশ নামানো হয়েছিল।

দুই দিন পর ওই বাড়ি ছেড়ে রায়েরবাজারে এক পরিচিতের বাড়িতে আশ্রয় নেন তাঁরা। এক মাস পরে তাঁরা ক্যাম্পাসে ফিরে আসেন। এবার ওঠেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্যাভেজ রোডের (বর্তমানে ঈশা খাঁ রোড) ২৮ নম্বর বাড়িতে। পাশেই ৩০ নম্বর বাড়িতে থাকতেন বাংলার অধ্যাপক আনোয়ার পাশা।

মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা রাশীদুল হাসানের কলম ও সিলমোহর  l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা রাশীদুল হাসানের কলম ও সিলমোহর l ছবি: প্রথম আলো

আনোয়ার পাশা আর রাশীদুল হাসান বীরভূমের একই এলাকার বাসিন্দা। সে কারণে তাঁদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। দুই পরিবারের মধ্যেও ছিল ঘনিষ্ঠতা। রোকাইয়া হাসিনা জানান, ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকেই পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে ধরে নিয়ে যায়। আটকে রাখে রমনা থানাহাজতে। ক্লাসে ছাত্রদের মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার অভিযোগে তাঁকে আটকে রাখা হয়েছিল। এ সময় তাঁরা রোজ সকালে রমনা থানায় যেতেন বাবাকে দেখতে। এখানে ১২ দিন আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

ডিসেম্বরে বিমানযুদ্ধ শুরু হলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ঢাকায় ব্ল্যাকআউট করা হতো। সবাই বেশ ভয়ের মধ্যে থাকতেন। আনোয়ার পাশা বলেছিলেন তাঁদের বাড়ি গিয়ে রাতে থাকতে। ‘প্রতি রাতের খাবার খেয়ে আমরা আনোয়ার চাচার বাড়িতে যেতাম। আবার সকালে উঠে চা খেয়ে আমাদের বাসায় ফিরে আসতাম,’ বলেন রোকাইয়া। ১৪ ডিসেম্বর সকালেও তাঁরা প্রস্তুত হচ্ছিলেন নিজেদের বাসায় ফিরতে। এমন সময় আনোয়ার পাশা বললেন নাশতা করে যেতে। খিচুড়ি আর ডিম ভাজি ছিল রাশীদুল হাসানের খুব প্রিয়। সেটিই রান্না করতে বললেন। সে কারণেই সেদিন দেরি হয়ে গিয়েছিল।

রান্না তখন প্রায় শেষ। এমন সময় খুব জোরে কড়া নাড়ার শব্দ হলো দরজায়। আনোয়ার পাশা দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল খাকি পোশাক পরা, কালো কাপড়ে মুখ ঢাকা সাত–আটজন। জিজ্ঞেস করল, আনোয়ার পাশা কে? তিনি পরিচয় দিতেই কয়েকজন তাঁকে দরজার দিকে ঠেলে নিয়ে যেতে চেষ্টা করল। রাশীদুল হাসান তখন দরজার সামনে গিয়ে দাঁড়ান তাদের আটকাতে।

রোকাইয়া হাসিনা কাঁপা কাঁপা গলায় বলেন, ‘আমি তখন খুব ভয় পেয়েছিলাম। আব্বার হাত খুব জোরে আঁকড়ে ধরে ছিলাম। আনোয়ার কাকা আব্বার মুখের দিকে তাকিয়ে ছিলেন, যেন তিনি কিছু একটা করেন। আব্বা ওই লোকদের বারবার বলছিলেন, তারা ওনাকে (আনোয়ার পাশা) কোথায় নিয়ে যাচ্ছে? ওদের একজন বারান্দায় ছিল। একটা কাগজ ছিল তার হাতে। সে আব্বাকে নাম জিজ্ঞাসা করল। আব্বা তার নাম বললে সেই লোকটি তার হাতের কাগজের দিকে তাকিয়ে সঙ্গীদের বলল, উনার নামও আছে। স্যারকে নিয়ে এসো। এরপর তারা আব্বা ও চাচাকে নিয়ে যায়। আমরা বারান্দা থেকে দেখতে পাই, গায়ের চাদর দিয়ে চোখ বেঁধে বাড়ির সামনে রাখা একটি মিনিবাসে তুলে নেওয়া হলো।’

রাশীদুল হাসান ও আনোয়ার পাশার লাশ পাওয়া গিয়েছিল ২২ দিন পরে। মিরপুরের একটি জংলা এলাকায় দুটি গর্তে বুদ্ধিজীবীদের লাশ চাপা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে পোশাক দেখে আটজনের মরদেহ আত্মীয়রা শনাক্ত করেছিলেন। রাশীদুল হাসান ও আনোয়ার পাশার লাশও ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মসজিদের পাশে তাঁদের অন্তিমশয্যায় শায়িত করা হয়।

রাশীদুল হাসানের আত্মীয়স্বজন সবই পশ্চিমবঙ্গে। আত্মীয়রা চেয়েছিলেন, ছোট তিন সন্তান নিয়ে রাশীদুলের স্ত্রী বেগম রোকাইয়া রশীদ পশ্চিমবঙ্গেই ফিরে যান। কিন্তু তিনি যাননি। ‘মা বলতেন, এই দেশের জন্য আমার স্বামী প্রাণ দিয়েছেন। এই মাটি ছেড়ে আমি যাব না। তিনি খুব কষ্টের ভেতর দিয়ে আমাদের বড় করেছেন। বিশেষ কোনো সাহায্য পাননি,’ বললেন রোকাইয়া হাসিনা।

বিশ্ববিদ্যালয়ের যে বাড়িতে তাঁরা থাকতেন, একদিন সেখান থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়েছিল। প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের বসবাসের জন্য একটি বাড়ি বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে নানা জটিলতায় সেটিও তাঁরা পাননি। রোকাইয়া হাসিনা বলছিলেন, এসব নিয়ে তাঁদের দুঃখ নেই। তাঁদের বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা তাঁদের গর্বের।