রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক, মোসলেম উদ্দিন ও আবদুর রশিদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনির মধ্যে এ এম রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে নানামুখী চেষ্টা চলছে। এ বিষয়ে বাংলাদেশের কূটনীতিকেরা আশাবাদী।

কানাডায় আশ্রয় নেওয়া এস এইচ এম বি নূর চৌধুরীর বিষয়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সেখানে জনমত গঠনেরও চেষ্টা চলছে। এ জন্য বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের যুক্ত করা হচ্ছে।

অন্যদিকে পলাতক অপর তিন খুনি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিনের বর্তমান অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলাদেশের কূটনীতিকেরা দাবি করেছেন, এক দশক ধরে লিবিয়া, পাকিস্তান, কেনিয়া, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশে এই তিন খুনির উপস্থিতির তথ্য পাওয়া যায়। ওই সব দেশে নানাভাবে তথ্য মিলিয়ে শেষ পর্যন্ত তাঁদের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত পলাতক দুই খুনির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাঁদের ফেরানোর বিষয়ে সব ধরনের মনোযোগ রেখেছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফেরত আনতে সরকার সে দেশে এল এল স্কাডেন এবং কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরত আনতে টরি এলএলপি নামের দুই আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে যুক্ত করে কাজ করছে। এর পাশাপাশি নানা স্তরে তাঁদের ফেরানোর বিষয়ে যোগাযোগও অব্যাহত রয়েছে।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ জুন তখনকার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার অভিবাসন আপিল বোর্ডের কাছে লেখা এক চিঠিতে এ এম রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় লাভসংক্রান্ত নথি পাঠানোর নির্দেশ দেন। এক দফা সময় বাড়ানোর পর ওই বছরের সেপ্টেম্বরে মার্কিন অ্যাটর্নি জেনারেলের দপ্তরে ওই নথি পাঠানো হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদেও পরিবর্তন এসেছে। তার ওপর করোনা মহামারি। সব মিলিয়ে রাশেদ চৌধুরীর মামলাসংক্রান্ত বিষয়টিতে কিছুটা কালক্ষেপণ হচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সাম্প্রতিক কালে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে ওয়াশিংটনের একাধিক সূত্র থেকে জানা গেছে।

বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘গত বছর রাশেদ চৌধুরীর বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেলের নথি তলবের বিষয়টি আমাদের আশাবাদী করে তুলেছে। একেবারে সুরাহা হয়ে যাওয়া এমন একটি মামলার নথি চাওয়াটা তাৎপর্যপূর্ণ। মার্কিন সরকার নিজেই এখন এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা পর্যায়ের আলোচনায় আমরা সব সময় রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি বলছি।’

নূর চৌধুরীর বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, নূর চৌধুরীকে ফেরানোর বিষয়ে কানাডায় যাতে জনমত তৈরি করা যায়, এ জন্য সেখানকার বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের যুক্ত করে কাজ চলছে। কারণ, অক্টোবর-নভেম্বরে কানাডায় ভোট। তাই প্রার্থীদের বাংলাদেশি বংশোদ্ভূতরা এটাই বলতে চান যে বঙ্গবন্ধুর ওই খুনিকে দেশে ফেরত পাঠাতে যেন তাঁরা কাজ করেন। এ ছাড়া নূর চৌধুরীর বিষয়ে তথ্য পেতে সেখানকার আদালতে যে মামলা হয়েছে, তা নিয়ে সরকার বাংলাদেশের নিযুক্ত আইনি পরামর্শক সংস্থার সুপারিশে পদক্ষেপ নিচ্ছে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে বাংলাদেশ মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরে সরাসরি যোগাযোগ করে থাকে। প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে অন্য দপ্তরেও বাংলাদেশ যোগাযোগ করে। তবে পররাষ্ট্র দপ্তর এটিকে ‘আইনি বিষয়’ অভিহিত করে এটি নিয়ে খুব স্পষ্ট করে কোনো মন্তব্য করতে রাজি হয় না।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, এ ধরনের জটিল বিষয় সমাধানে সময় লাগতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দুই খুনিকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ধারাবাহিকভাবে চেষ্টা করে গেলে তাঁদের ফেরানো সম্ভব হতে পারে।

বঙ্গবন্ধু মামলার রায় হয় ১৯৯৮ সালের ৮ নভেম্বর। তৎকালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশের রায় দেন। পরে উচ্চ আদালত ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০১০ সালের ২৭ জানুয়ারি রাতে খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আরেক খুনি আজিজ পাশা ২০০১ সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান।

এ ছাড়া পলাতক খুনিদের মধ্যে আবদুল মাজেদকে ২০২০ সালের ৬ এপ্রিল ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এরপর ১১ এপ্রিল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। ওই সময় ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় যে খুনি মাজেদ দীর্ঘদিন ধরে নাম ও পরিচয় গোপন করে ভারতের কলকাতায় বিয়ে করে সেখানে বসবাস করছিলেন।