বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে আছেন।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের ফেরত আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল রোববার তাঁর দপ্তরে এ তথ্য জানান।
এদিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তিনি এদিন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল গণমাধ্যমকর্মীদের জানান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডিত ১২ জন খুনির মধ্যে সাতজন পলাতক। তাঁদের মধ্যে একজন জিম্বাবুয়েতে মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে একাধিক ব্যক্তি যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছেন। দুই থেকে তিনজনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে শতভাগ নিশ্চিত কোনো তথ্য নেই। তবে যেসব দেশে তাঁদের থাকার সম্ভাবনা আছে, সেসব দেশের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে। তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর খুনি) ফিরিয়ে আনার ব্যাপারে বেশ কিছু বাধাবিপত্তি আছে। এর মধ্যে একজন একটি দেশে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। ওই রাজনৈতিক আশ্রয় বাতিল করাতে হলে ওই দেশের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ জন্য আমরা কাজ শুরু করেছি। অন্য জনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তবে বঙ্গবন্ধু হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হওয়ায় সেই দেশ তাকে ফেরত দিচ্ছে না। কারণ, দেশটি মৃত্যুদণ্ড সমর্থন করে না। সার্বিক বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকারের একটি জায়গা।’
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে দুজন এ এম রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান যুক্তরাষ্ট্রে আছেন।
এ নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘বিষয়টি আমাদের বিচার দপ্তরের জন্য একটি জটিল বিষয়। আর তাদের দুজনের যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারবেন কি না, তা আমি জানি না। তবে এটি আমাদের মধ্যে চলমান আলোচনার একটি অংশ এবং এটি আবার বিচার দপ্তরের বিষয়। আশা করছি, আমরা এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে পারব।’
মার্কিন রাষ্ট্রদূত তাঁর দেশে বঙ্গবন্ধুর দুই খুনির অবস্থান নিয়ে গতকাল সংশয় প্রকাশ করলেও এক বছর আগে তিনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়লাভের বিষয়টি বাংলাদেশকে জানিয়েছিলেন।