রাশেদুল ও স্মৃতি ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে আলম-বাগের ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ফার-জানার স্বামী রাশেদুল কবির, তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল রোববার ডিবি পুলিশ রাশেদুল ও স্মৃতিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও সাত দিন রিমান্ডের আবেদন করে। মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ জুন পুলিশ আলমবাগের ২২৯ নম্বর তিন তলা বাড়ির দোতলা থেকে ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ফারজানার মা আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করেন। রাশেদুল ও স্মৃতির জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। গত ২৬ জুন রাজধানীর গুলশানের পিৎজা হার্টের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। এ মামলায় গ্রেপ্তার রাশেদুলের বাবা ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহিদুল কবির, মা নূর বানু, বোন সুখন ও কবিতা কবির এবং বোনের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারী কারাগারে আটক আছেন। এ ছাড়া গাড়ির চালক আল আমিন ও ওষুধ বিক্রেতা গাফফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন।