রাশেদুল ও স্মৃতির আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর জুরাইনের আলমবাগে ফারজানা কবির রিতা ও তাঁর দুই সন্তানের আত্মহত্যায় প্ররোচনার মামলায় ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতির আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মহানগর হাকিম কণিকা বিশ্বাস গতকাল মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের ছয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল।এর আগে দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে গত ৭ জুলাই ডিবি পুলিশ রাশেদুল ও স্মৃতিকে আদালতে হাজির করে এই আবেদন করেছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত রিমান্ড শুনানির দিন গতকাল ধার্য করেছিলেন।রাশেদুল ও স্মৃতিকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হয়। এ সময় তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রাশেদুলের মা নূর বানুকে জামিন দিয়েছেন আদালত।১১ জুন আলমবাগের ২২৯ নম্বর তিনতলা বাড়ির দোতলা থেকে ফারজানা (৩৫), তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১০) লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন ফারজানার মা এ ঘটনায় আটজনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন। মহানগর গোয়েন্দা পুলিশ ২৬ জুন গুলশান থেকে রাশেদুল ও স্মৃতিকে গ্রেপ্তার করে। এ মামলায় রাশেদুলের বাবা ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, মা নূর বানু, বোন সুখন ও কবিতা কবির, ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, তাঁদের গাড়িচালক আল-আমিন ও ওষুধ বিক্রেতা গাফফারকে গ্রেপ্তার করে পুলিশ। আল-আমিন ও গাফফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।