রাষ্ট্র আদিবাসীবান্ধব নয়, তাই তাদের ওপর নির্যাতন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র আদিবাসীবান্ধব না হওয়ায় সারা দেশে তাদের ওপর নির্যাতন বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, তাদের ভূমির অধিকার তথা মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। কিন্তু প্রত্যেক আদিবাসী ব্যক্তির অধিকার রক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
‘বাংলাদেশে আদিবাসীদের ভূমির অধিকার ও মানবাধিকার’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান এসব কথা বলেন। রাজধানীর ইকবাল রোডে ইয়াং উইমেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ) মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সেমিনার অনুষ্ঠিত হয়। যৌথ আয়োজক ছিল জাতীয় মানবাধিকার কমিশন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।
সেমিনারে মিজানুর রহমান আরও বলেন, ‘স্বপ্ন ছিল এমন একটি দেশের, যেখানে নাগরিকদের মধ্যে বৈষম্য থাকবে না। কিন্তু বাস্তবে আমরা কী দেখি! আদিবাসীদের ওপর নির্যাতনের প্রধান কারণ তাদের বিতাড়িত করে ভূমি দখল করা।’ তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সব সময় আদিবাসীসহ সব নির্যাতিত মানুষের পাশে থাকবে।
নওগাঁয় আদিবাসীদের ওপর সাম্প্রতিক হামলায় এক কিশোর নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘সেখানকার প্রশাসনের প্রতি আমার সতর্কবাণী—অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করুন। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সেখানকার আদিবাসীদের পাশে দাঁড়ান।’
নতুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করার পর তাঁর সঙ্গে আলোচনা করে পার্বত্য চট্টগ্রামের মানুষের মধ্যে একটি আস্থার পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেবেন বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। এতে বলা হয়, দেশে আদিবাসীদের ভূমি দখল ও মানবাধিকার লঙ্ঘনের উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালীরা যেমন তা করছে, তেমনি সরকারও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করছে। অনেক আদিবাসী দেশত্যাগে বাধ্য হচ্ছে। কাপেং ফাউন্ডেশনের গবেষণা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছরই নির্যাতনের ঘটনা আগের বছরের তুলনায় বাড়ছে। ২০১৪ সালে নারী, শিশুসহ ১৫ জন আদিবাসীকে হত্যা করা হয়েছিল। এ বছর প্রথম ছয় মাসেই ১৫ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণ, ভূমি জবরদখল প্রভৃতি ঘটনাও বেড়ে চলেছে।
জাতীয় সংসদে আদিবাসী ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা মঞ্চে বসা অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি ফোন আসে। তাঁকে জানানো হয়, সেখানে নরেন নামের একজন আদিবাসীর বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই ঘটনা উল্লেখ করে এই সাংসদ বলেন, আদিবাসীরা নির্যাতনের শিকার হয়েও বিচার পায় না।
ফজলে হোসেন আরও বলেন, জাতীয় সংসদে আদিবাসীদের প্রতি সমর্থন বাড়ছে। চলতি অধিবেশনে এখন পর্যন্ত ১৫ জন সাংসদ বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ না রাখার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ২০১৪-১৫ সালের বাজেটে আদিবাসীদের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ওই টাকা প্রায় সবটাই লুটপাট হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের সমালোচনা করে ফজলে হোসেন বাদশা বলেন, তিনি বাংলাদেশের রাজনীতি, নির্বাচন প্রভৃতি নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আদিবাসীদের ভূমির অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো কথা বলেন না। এটা নিন্দনীয়।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের হোসেন শহীদ সুমন, আইএলওর জাতীয় সমন্বয়ক আলেক্সিস চিচম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত এবং মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। স্বাগত বক্তব্য দেন চৈতালী ত্রিপুরা। পরিচালনা করেন পল্লব চাকমা।
সেমিনারে আদিবাসীদের প্রথাগত ও ঐতিহ্যগত ভূমি মালিকানার স্বীকৃতি প্রদান, তাদের জমি লিজ না দেওয়া, আদিবাসী অধিকার আইন প্রণয়নসহ বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়।