রাষ্ট্র আমার পাঁচটি মৌলিক অধিকার কেড়ে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অভিযোগ করেছেন, রাষ্ট্র তাঁর পাঁচটি সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘আমার মতো অধিকারহীন মানুষ বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত দ্বিতীয় আর কেউ নেই।’
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান এসব কথা বলেন। গত ২৩ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার আড়াই মাস পর তিনি জনসমক্ষে এলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের আট বছরে আমি পাঁচ বছর জেলে ছিলাম। রিমান্ডে নির্যাতনের কারণে কিছু অতিরিক্ত রোগ যোগ হয়েছে। এ জন্য মুক্তির পর কাশিমপুর থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তারা আমার কেস সামারিতে বলল, নিউরো সার্জারির জন্য জরুরি অপারেশন করতে। যেহেতু বিষয়টি জটিল, তাই বিদেশে গিয়ে করাই বাঞ্ছনীয়।’
মাহমুদুর রহমান বলেন, জামিনের শর্ত অনুযায়ী তাঁর পাসপোর্ট ছিল আদালতের কাছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাইরে চিকিৎসা নিতে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাসপোর্টের জন্য আবেদন করেন।
মাহমুদুর রহমান বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের রিপোর্টের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট চার শর্তে পাসপোর্ট ফিরিয়ে দেন। শর্তগুলো হচ্ছে, আমি কেবলমাত্র যুক্তরাজ্যে ৩০ দিন অবস্থান করতে পারব। কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারব না। ঢাকায় ফিরে আসার পর ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে।’
মাহমুদুর রহমান আরও জানান, যুক্তরাজ্য তাঁকে ভিসা দেয়নি। তিনি বলেন, ‘তার মানে আমার চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ারও সুযোগ নেই। কোর্টের আদেশের কারণে অন্য কোথাও চিকিৎসা নিতে পারব না। তার মানে আমি চিকিৎসার অধিকারও বঞ্চিত।’
সংবাদ সম্মেলনে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।