জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ামতে, আদালত অপরাধ সংঘটিত হওয়ার এক বছর পর কোনো অপরাধ আমলে নিতে পারবেন না। রাষ্ট্র কি আমাদের সঙ্গে তামাশা করছে? ফৌজদারি আইনে এভাবে বলা যায় না—সরকারের এইটুকু অন্তত মনে রাখা উচিত ছিল। অথচ এইটা নিয়েও আমাদের কথা বলতে হচ্ছে, সময় নষ্ট করতে হচ্ছে!’
গতকাল রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের করা আইনের খসড়াটি নিয়েই জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মতবিনিময় সভায় মিজানুর রহমান এসব কথা বলেন।
নগরের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতি মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের খসড়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালানোর কথা বলা আছে। এটাও কি আইনে থাকার কথা? এ ছাড়া খসড়ায় উল্লেখ করা ‘জোরপূর্বক ধর্ষণ’ প্রসঙ্গে বলেন, ‘এ কথার মানে হচ্ছে, সম্মতিতেও ধর্ষণ হতে পারে।’
তবে আইনের খসড়ায় বাল্যবিবাহের কুফল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যে কথা বলা হয়েছে, তাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন মিজানুর রহমান। অন্যদিকে বাল্যবিবাহ নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় নেতা ও মানুষের কাছে ধর্মের প্রগতিশীল ব্যাখ্যা পৌঁছানোর আগে ঢালাওভাবে বিয়ে নিষিদ্ধ করার চিন্তা আকাশ কুসুম কল্পনা হবে।
মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি জানান, সভার বিভিন্ন সুপারিশের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে।
সভায় বাল্যবিবাহের কুফল, কারণ, সমাধান এবং খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী। বর্তমান আইনে মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের কম বয়সে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়েছে। আইনের খসড়ায় বয়সের বিষয়টি যেভাবে আছে, তা বৈষম্যমূলক বলে উল্লেখ করেন ইমান আলী।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম পরিষদের কাজের অভিজ্ঞতায় বলেন, ছেলে ও মেয়ের পরিবার গোপনে অন্য এলাকায় নিয়ে বিয়ে দিয়ে দেয়, যাতে করে পরিষদের কেউ জানতে না পারে। বাল্যবিবাহ প্রতিরোধে তিনি সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি তা পাল্টানোর ওপর গুরুত্ব দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মাসুম বিল্লাহ এক বছর পর অপরাধ আমলে না নেওয়া প্রসঙ্গে বলেন, ১৭ বছর বয়সে বিয়ে দিয়ে এক বছর কোনোভাবে পার করতে পারলেই আর আইনের চোখে অপরাধ করেছে বলে গণ্য হবে না। আইনের শিরোনামে নিরোধ না বলে ‘নিষিদ্ধ’ লেখার পক্ষে মত দেন তিনি।
সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফওজিয়া করিম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা প্রমুখ আলোচনায় অংশ নেন।