রাষ্ট্র খাপড়া ওয়ার্ডের ইতিহাস জানানোর উদ্যোগ নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০ সালে রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডে উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে বর্তমান প্রজন্ম এ হত্যাকাণ্ড সম্পর্কে তেমন জানে না। রাষ্ট্র তাদের খাপড়া ওয়ার্ডের ইতিহাস জানানোর উদ্যোগ নেয়নি।গতকাল বুধবার নগরের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ রাজবন্দীদের সন্তানেরা এসব কথা বলেন। বিপ্লবীদের কথা প্রকাশনা এবং আবদুশ শহীদ সংসদ, প্রসাদ রায় ও আমিনুল ইসলাম বাদশা স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।সভায় আলোচকেরা খাপড়া ওয়ার্ডের ইতিহাস তুলে ধরেন। তাঁরা জানান, জেলখানার খাপড়া ওয়ার্ডে ৩৯ জন বিপ্লবীর মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আহত ৩২ জনের মধ্যে বর্তমানে মাত্র একজন বেঁচে আছেন। এই বিপ্লবীরা জেলখানায় রাজবন্দী হিসেবে অন্য কয়েদিদের তুলনায় সুযোগ-সুবিধা বেশি পেতেন। বিপ্লবীরা জেলখানার এ বৈষম্য দূর করার সংগ্রামে নামেন। সংগ্রাম ঠেকাতে এ অবস্থায় জেল কর্তৃপক্ষ রাজবন্দীদের খোলামেলা অনেক বড় খাপড়া ওয়ার্ড থেকে ১৪ নম্বর কনডেম সেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কমরেড আবদুশ শহীদের মেয়ে শামীম আরা বলেন, বাংলাদেশ হয়ে ওঠার জন্য নয় মাস মুক্তিযুদ্ধের বাইরে আরও ইতিহাস আছে, তা সবাইকে জানাতে হবে। তিনি ২৪ এপ্রিলের খাপড়া ওয়ার্ড দিবসটি জাতীয়ভাবে পালনের আহ্বান জানান।আরেক বিপ্লবী প্রসাদ রায়ের মেয়ে বৃত্বা রায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫০ জনের মধ্যে এ দিবসটির নাম শুনেছেন এমন সংখ্যা দুই থেকে তিনজন। বিপ্লবী আমিনুল ইসলাম বাদশার মেয়ে নাজমা বেগম বলেন, ‘স্কুলে সবাই জানতে চাইত বাবা কী করে? আমি বলতাম আমার বাবা জেল খাটে। সবাই ভাবত, বাবা চোর বা ডাকাত। তখন তাদের আমার বাবা যে কী, তা বুঝিয়ে বলতে পারতাম না।’আলোচনা সভায় অগ্নিযুগের বিপ্লবীদের অর্জনগুলো বর্তমানে যে ক্রান্তিকাল চলছে তার মোকাবিলায় বর্ম হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান প্রজন্ম জেলহত্যা বলতে ১৯৭৫ সালের ৩ নভেম্বরের কথা জানে। ইতিহাস সঠিকভাবে লিখলে আগে খাপড়া ওয়ার্ডের কথা বলতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এতে ভাষাসংগ্রামী আহমেদ রফিক, সাংবাদিক কামাল লোহানী, বাম রাজনৈতিক নেতা আনিসুর রহমান ও নূর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ প্রমুখ আলোচনায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন বিপ্লবীদের কথা প্রকাশনার সম্পাদক শেখ রফিক।