রাষ্ট্র গডফাদার লালন করলে পরিস্থিতি পাল্টাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল ‘নগর পরিস্থিতি: নারায়ণগঞ্জ নগর শাসন পুনর্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বাঁ থেকে হোসেন জিল্লুর রহমান, সুলতান হাফিজ রহমান, সেলিনা হায়াৎ আইভী ও তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো
মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল ‘নগর পরিস্থিতি: নারায়ণগঞ্জ নগর শাসন পুনর্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বাঁ থেকে হোসেন জিল্লুর রহমান, সুলতান হাফিজ রহমান, সেলিনা হায়াৎ আইভী ও তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যতক্ষণ গডফাদারদের রাষ্ট্রীয়ভাবে লালন-পালন করা হবে, ততক্ষণ বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হবে না। তিনি বলেন, দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় জনপ্রতিনিধিদের কাজের বাধা কেন্দ্রীয় সরকার।
গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘নগর পরিস্থিতি: নারায়ণগঞ্জের নগর শাসন পুনর্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নগরের বাসযোগ্যতা প্রচলিত উন্নয়ন-ভাবনার মধ্যে নেই। নগর পরিচালনায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রবলতর হচ্ছে, অন্যদিকে সামাজিক জবাবদিহি কমছে। পাশাপাশি শহরগুলোতে কাউন্সিলর পদে যাঁরা নির্বাচিত হচ্ছেন, তাঁদের বড় অংশের সঙ্গে অপরাধের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। নগরগুলোতে অপরাধপ্রবণ রাজনৈতিক শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।
কারও নাম উল্লেখ না করে হোসেন জিল্লুর বলেন, একজন বলেছিলেন, তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ফেলবেন। এখন কেউ বলছেন, নাগরিকদের জন্য নাগরিক আন্দোলন কঠিন করে ফেলবেন। বুদ্ধিমত্তার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান তিনি।
বৈঠকে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষকেরা নারায়ণগঞ্জ নিয়ে তাঁদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন। তাতে বলা হয়, নারায়ণগঞ্জ শহরে ভূমির অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবহার বেড়ে যাওয়ার কারণে বসবাসের জায়গা কমে আসছে। শহরে খোলা পরিসর না থাকায় এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের মেয়র বলেন, বিভিন্ন সিটি করপোরেশন ও বড় বড় পৌরসভায় অবৈধ অর্থ লেনদেন, মাদক ব্যবসা, ঝুট ব্যবসা বা ভূমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ন্ত্রণ করেন গডফাদাররা। গডফাদাররা এঁদেরকে কাউন্সিলর পদে পার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন। এ কারণে মানসম্পন্ন কাউন্সিলর নগরগুলোতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই গডফাদারদের রাষ্ট্রীয়ভাবে লালন-পালন করা হবে, ততক্ষণ বাংলাদেশের চিত্র পাল্টাবে না।’
এর আগে আইভী বলেন, সিটি করপোরেশন বা যেকোনো স্থানীয় সরকার ঠিকভাবে চলার জন্য দরকার নেতৃত্বের। শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় গতিশীল জনপ্রতিনিধি থাকার পরও তাঁরা ঠিকভাবে কাজ করতে পারছেন না কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে। সাংসদদের অনুমতি ছাড়া পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। নগর সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বছরে ১০ কোটি টাকা দেয়। কিন্তু ভ্যাট ও নানা কর বাবদ ২০ থেকে ৩০ কোটি টাকা তারা নিয়ে যায়। শীতলক্ষ্যার দুই পারে মানুষের হাঁটার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জমি চেয়েও তিনি পাচ্ছেন না।
সেলিনা হায়াৎ আইভী বলেন, গবেষণা না করে বা লাভ-লোকসান বিবেচনা না করেই সরকার হুট করে নারায়ণগঞ্জসহ চারটি পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে। এতে মানুষের চাহিদা বেড়েছে। কিন্তু সরকার জনবল ও সম্পদ দেয়নি। তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা ফেলার কোনো জায়গা সরকার দেয়নি। সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। এই কাজে এশীয় উন্নয়ন ব্যাংকের ৩৫ কোটি টাকাও তিনি ব্যবহার করতে পারছেন না৷
মেয়র আইভী বলেন, যে ভোটাররা তাঁকে মেয়র বানিয়েছিলেন, সেই ভোটাররা, নারায়ণগঞ্জবাসী এখনো তাঁর পাশেই আছেন। অদ্ভুত পরিস্থিতির মধ্যে তাঁকে কাজ করতে হচ্ছে উল্লেখ করে আইভী বলেন, দুই মাস না, দুই দিন পরই তাঁর লাশ শীতলক্ষ্যায় পাওয়া যেতে পারে, তাতেও তিনি ভীত নন। বুদ্ধিজীবীদের উদ্দেশে তিনি বলেন, গোলটেবিল বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ঠিক সময়ে নারায়ণগঞ্জবাসী বা ফেনীবাসীর পাশে থাকতে হবে।
গোলটেবিল বৈঠকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন নগর ও পৌর এলাকা এখন নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী অশুভ শক্তি। এদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। নগর ভাবনায় এই নতুন দিকটিকে গুরুত্ব দিতে হবে।
বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থপিত মোবাশ্বের হোসেন বলেন, দরকার হলে যুদ্ধাপরাধের বিচার আপাতত বন্ধ রেখে নদীদস্যুতার সঙ্গে জড়িতদের বিশেষ আদালতে বিচার করতে হবে৷