রাষ্ট্র গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ফিরে পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আদেশের ফলে রাষ্ট্র গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ফিরে পাবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতি প্রতিষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী আরও বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হলে চতুর্থ সংশোধনী (বাকশাল প্রবর্তন) বহাল হওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রী বলেন, ‘কোনো নাগরিক বেহেস্তে যাবে নাকি দোজখে যাবে—তা তো রাষ্ট্র নির্ধারণ করতে পারবে না।’ পঞ্চম সংশোধনী অবৈধ হওয়ায় ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না। আইনমন্ত্রী জানান, ১৯৭৫ সালের পর সামরিক ফরমান দিয়ে যেসব বিধান করা হয়েছে, ওই সব ফরমান রায় কার্যকরের তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে। সংবিধানে ওই সব ফরমান কার্যকর না থাকলে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ অক্ষুণ্ন হবে। শফিক আহমেদ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে কি না, রায় পাওয়ার পর সে বিষয়ে আইন কমিশনের মতামত নেওয়া হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রমাণিত হয়েছে, সংবিধান সর্বোচ্চ আইন। সামরিক আইন দিয়ে সংবিধান সংশোধন করা যায় না। এমনকি সামরিক আইন জারির বিধানও সংবিধানে নেই। সংসদও এ কারণে সামরিক আইন জারি করতে সিদ্ধান্ত দিতে পারে না। সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তাঁর অভিভাবকসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে এ রায় দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্: সকালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাত্ করেন। প্রায় দুই ঘণ্টার আলোচনায় বাংলাদেশের বিচারব্যবস্থা, বিচারকদের প্রশিক্ষণ, আইন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তাঁরা। আইনমন্ত্রী বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেছেন, এতে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে ও শক্তিশালী হবে। যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে উভয়েই সাংবাদিকদের জানান।