
বাংলাদেশ রাষ্ট্র ক্রমাগত ফ্যাসিস্ট রূপ নিচ্ছে। ত্বকী হত্যার বিচার না করে, হত্যাকারীদের পক্ষ নিয়ে এই রাষ্ট্র ভয়ভীতি দেখিয়ে ত্বকীর মতো ছেলে-মেয়েদের বিকশিত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে চায়।
গতকাল শুক্রবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দেড় বছর উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ত্বকী হত্যা: বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের ভূমিকাই সুশাসন ও গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
গত বছরের ৬ মার্চ মেধাবী ছাত্র ত্বকী নিখোঁজ হয়। ওই রাতেই সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ত্বকীর পরিবার অভিযোগ করে আসছে, এ হত্যায় ওসমান পরিবারের সম্পৃক্ততা আছে।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার বিচার না হওয়া, অপরাধীদের পক্ষে রাষ্ট্রের সরাসরি অবস্থান এবং গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সম্প্রচার নীতিমালা করা—এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় এগুলো একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। এ থেকে বের হতে কেবল এক দলের শাসন থেকে আরেক দলের শাসনে গেলে হবে না। সমাজব্যবস্থার পরিবর্তন হতে হবে।
আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী নেতারা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে ত্বকীর বাবা ও মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ‘পক্ষ নেওয়ায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি বেডরুম পাহারা দিতে পারবেন না। কিন্তু ত্বকী তো বেডরুমে খুন হয়নি। তারপর যখন খুন হলো, তখন প্রধানমন্ত্রী খুনিদের পক্ষে অবস্থান নিলেন।
সাংবাদিক কামাল লোহানী বলেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পক্ষ নেওয়ার পর তাঁর (প্রধানমন্ত্রীর) পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তিনি টিকে আছেন। কেননা তাঁর ক্ষমতা আছে।
প্রবীণ রাজনীতিবিদ অজয় রায় বলেন, সারা দেশ গডফাদারে ভরে গেছে। এখন সারা দেশেই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অধ্যাপক আনু মুহাম্মদ আশা প্রকাশ করে বলেন, ত্বকী হত্যার বিচার একদিন হবেই।
গোলটেবিল পরিচালনা করেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, শহীদউদ্দীন আহমেদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক শফি আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।