রাষ্ট্র দায়িত্ব পালন করেছে: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে-ই অপরাধ করুক, তার সুষ্ঠু বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে রাষ্ট্র সেই দায়িত্বই পালন করেছে। গতকাল সোমবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে যতটুকু জানেন তা হলো, যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে ফাঁসিই হলো প্রথম শাস্তি। সে ক্ষেত্রে অপরাধের নৃশংসতা ও ভিন্নতা বিচার করে ফাঁসি দিয়েছেন বিচারক। তিনি মনে করেন, এই রায়ে জনগণ সন্তুষ্ট হবে এবং এ নিয়ে যে ভীতির সৃষ্টি হয়েছিল, তা দূর হবে। এখন এই মামলার পরবর্তী ধাপ কী হবে, এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলার নথি সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে।
এ সময় নাগরিকত্ব আইনের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধা-সুরক্ষা দিয়ে নাগরিকত্ব আইন করা হবে।