রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে: অ্যাটর্নি জেনারেল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি আপিল বিভাগে বহাল থাকায় রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘সবচেয়ে স্বস্তি অনুভব করছি যে, বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে নিজামীর যে ভূমিকা ছিল, তার দায় প্রতিষ্ঠিত হলো। নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরিপ্রেক্ষিতে জাতি স্বস্তি অনুভব করছে। এই রায়ের মাধ্যমে বুদ্ধিজীবী পরিবারগুলো স্বস্তি অনুভব করছে।’
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। আপিল বিভাগ তিনটি অভিযোগে নিজামীর ফাঁসি বহাল রেখেছেন। দুটি অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। ফাঁসির সাজার একটি অভিযোগসহ তিনটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
এই রায়ের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার বিচার পেল মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মহাবুবে আলম বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার বিচারের দাবি ছিল দীর্ঘ দিনের। মুজাহিদের রায়ের মাধ্যমে কিছুটা হলেও তা প্রতিষ্ঠিত হয়েছিল। আলবদরের সর্বোচ্চ নেতা নিজামীর দণ্ড প্রদানের মাধ্যমে সেই বিচার পাওয়ার আশা পূরণ হলো।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিজামীকে ট্রাইব্যুনালও সঠিকভাবে মৃত্যুদণ্ড দিয়েছিল আর আপিল বিভাগও তা বহাল রাখায় বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে। ‘জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা যায় না’—নিজামীর এমন দম্ভোক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে মন্তব্য করে মাহবুবে আলম বলেন, নিজামীর যে দম্ভোক্তি ছিল, সেটা আজ মিথ্যা প্রমাণিত হলো। নিজামী হত্যা, উসকানি দেওয়া—সব অপরাধ করেছেন।
রায়-পরবর্তী পদক্ষেপের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকর করার আগে রিভিউ করার সুযোগ পাবেন নিজামী, যদি তিনি রিভিউ ফাইল করেন। যদি রিভিউ ফাইল না করেন, তাহলে তাঁর দণ্ড কার্যকর করতে কোনো অসুবিধা নেই। রায়ের ব্যাপারে মন্তব্য নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের রায় সর্বোচ্চ আদালত কনফার্ম করার পর এই রায় সম্পর্কে অন্য রকম বক্তব্য আদালত অবমাননার শামিল হবে।