রাষ্ট্র পরিচালনায় ধর্মের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো জাতীয়তাবাদী আন্দোলনই বাঙালির মুক্তি দিতে পারেনি। কেননা ধর্মের ভিত্তিতে জাতি গঠিত হতে পারে না। রাষ্ট্র একটি ইহজাগতিক বিষয়। রাষ্ট্র পরিচালনায় ধর্মের স্থান নেই।
‘নারীপক্ষ’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় ‘রাষ্ট্র হবে ইহজাগতিক, সমাজ হবে ধর্মনিরপেক্ষ এবং মানুষ হবে অসাম্প্রদায়িক’ শীর্ষক একটি পোস্টার উন্মোচন করা হয়।
আলোচনায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কোনো জাতীয়তাবাদী আন্দোলনই আমাদের মুক্তি দিতে পারেনি। কেননা ভারত-পাকিস্তান বিভক্তির সময় এ অঞ্চলে অন্তত ১৭টি আলাদা ভাষাভিত্তিক জাতি ছিল। দ্বিজাতিতত্ত্বের ধারণা যেমন ভুল, তেমনি সমগ্র ভারতে এক জাতিতত্ত্বের ধারণাও ভুল।’ তিনি বলেন, ‘রাষ্ট্রের কোনো ধর্ম নেই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে হলে তাকে অবশ্যই ধর্মনিরপেক্ষ থাকতে হবে। দার্শনিকভাবে ইহজাগতিক থাকতে হবে।’
সিরাজুল ইসলাম চৌধুরী ইতিহাস আলোচনায় ব্যাখ্যা করেন, অতীতে এ দেশে কখনোই সাম্প্রদায়িকতা ছিল না। ইংরেজরাই প্রথম তাদের শাসনের সুবিধার্থে সাম্প্রদায়িকতার জন্ম দেয়।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, ‘ইউরোপীয় ধাঁচে ধর্মনিরপেক্ষতা ও ইহজাগতিকতা বিবেচনা না করে এ শব্দগুলোর বিভিন্নতা ও অন্তর্নিহিত অর্থ নিয়ে ভাবা প্রয়োজন।’
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান বলেন, ধর্মটা ব্যক্তিগত ব্যাপার। অতীতে এ দেশ যাঁরা শাসন করেছেন, তাঁদের কাছেও ধর্মীয় ব্যাপারগুলো শুধু ইহজাগতিক ক্ষমতা বাড়ানোর উপাদানই ছিল।
আলোচনা সভা সঞ্চালনা করেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক ফিরদৌস আজীম।