রাষ্ট্র পরিচালিত গণহত্যা
>গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী, পুলিশ ও এলাকার সশস্ত্র লোকজন যে সুপরিকল্পিত, সমন্বিত জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে প্রধান গণমাধ্যমগুলোয় প্রতিবেদন ও ছবি ছাপা হচ্ছে। বিশিষ্ট কলামিস্টরা ক্ষুব্ধ হয়ে কলম ধরেছেন। কার্টুনিস্টরা বিদ্রূপবাণ ছুড়ছেন। সেগুলোর কয়েকটি এখানে তুলে ধরা হলো।

সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে চোখে পড়ে ভোরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। প্রতি সন্ধ্যায় সেসব কুণ্ডলীর গোড়ায় জ্বলতে থাকা আগুন স্পষ্ট বোঝা যায়। রাখাইন প্রদেশের উত্তর অংশে সপ্তাহজুড়েই গ্রামের পর গ্রাম জ্বলছে। এই রাজ্যেই নির্যাতিত মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের বসবাস। ধানখেত মাড়িয়ে, কাদামাখা পাহাড়ি পথ ডিঙিয়ে, দুই দেশের সীমান্তরেখা বরাবর বয়ে চলা নাফ নদী পেরিয়ে শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। তারা পালাচ্ছে বর্মি (মিয়ানমার) সেনাবাহিনী এবং স্থানীয় আরেক জাতিগোষ্ঠী রাখাইনদের সশস্ত্র ষণ্ডাপাণ্ডাদের সুপরিকল্পিত সহিংসতার হাত থেকে বাঁচতে। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার লোক ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছে। আরও বহু লোক যাওয়ার পথে।
ঘুমধুম শহরের কাছে সীমান্ত বেড়ার ধার ঘেঁষে একটি মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী রোডের শেষ মাথায় একটি অস্থায়ী শিবিরে হাজার পাঁচেক নতুন শরণার্থী আশ্রয় নিয়েছে। শিবিরটি স্ফীত হচ্ছে দ্রুত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য কাছেই একটি টিলার দিকে নির্দেশ করেন। সেখানে আগুন জ্বলছে। ওই সদস্য বলেন, বর্মি সেনাসদস্যরা ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ৩০ বছর বয়সী কৃষক নুরুল ইসলাম গত সপ্তাহে সৈন্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করলে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে আসেন। সৈন্যরা নারী ও পুরুষদের আলাদা করে ফেলে। সৈন্যরা তার ১৩ বছর বয়সী বোন খাদিজাকে ধর্ষণ করে; রাখাইন গোষ্ঠীর সশস্ত্র লোকজন বোনটির দেহ ছিন্নভিন্ন করে দেয়। তার বাবাকেও হত্যা করা হয়েছে।
নিজের জ্বলন্ত গ্রাম ছেড়ে প্রাণে বেঁচে পালিয়ে আসতে পেরেছেন ফাতিমা খাতুন। পরিবারের আট সদস্যের সঙ্গে তিনি বাংলাদেশে ঢুকেছেন ৪ সেপ্টেম্বর। তিনি বলেন, বৃষ্টিতে ভিজে প্যাচপ্যাচে কাদার মধ্যে পুরো এক সপ্তাহের পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অনেক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফাতিমা বলেন, মিয়ানমারের ভেতরে অন্য অনেকের সঙ্গে তিনি যখন বাঁশের ভেলায় করে নদী পার হচ্ছিলেন, সৈন্যরা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। মিয়ানমারে আরও বহু গ্রামবাসী নানা জায়গায় লুকিয়ে আছে। অনেকেই পথ হারিয়ে ফেলেছে।
কাছাকাছি একটি টহলচৌকিতে মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তুয়াং বাজার নামে একটি মফস্বল শহর থেকে ১৩ দিনের পথ পাড়ি দিয়ে তিনি সবে এখানে এসে পৌঁছেছেন। কাঁধে ৮ বছরের ছেলে। ডান পায়ে বুলেটবিদ্ধ ছেলে হাঁটতে পারে না।
ফর্টিফাই রাইটস নামে একটি এনজিওর কর্মী ম্যাথু স্মিথ বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বিশদ সাক্ষ্য থেকে তাঁদের মনে হচ্ছে, তাঁরা এখন নিশ্চিতভাবে বলতে পারেন, (রাখাইন প্রদেশে) ‘রাষ্ট্র পরিচালিত নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সশস্ত্র অধিবাসীরা গণহত্যা চালিয়েছে’। স্মিথ বলেন, অবস্থাদৃষ্টে এটাই প্রতীয়মান হচ্ছে যে বর্মি সেনাবাহিনী দেশ থেকে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। নির্বিচার হত্যা, ধর্ষণ, হাত-পা কেটে ফেলা এবং অন্যান্য অপরাধের বহু ঘটনা নথিভুক্ত করেছে ফর্টিফাই রাইটস।
ঘুমধুমের দক্ষিণে আরেকটি সীমান্ত পারাপারে শুধু ওই দিন সকালেই ৫ হাজার শরণার্থী এসে পৌঁছেছে বলে অনুমান করছে স্থানীয় ব্যক্তিরা। এই ক্লান্ত মানুষের মিছিলে শামিল ছিলেন সওজা নামে এক নারী স্বাস্থ্যকর্মী। তিনি এসেছেন বুথিদাউং শহর থেকে। ২৫ আগস্ট ঘর ছেড়েছেন তিনি। রোহিঙ্গা উগ্রবাদীরা ওই দিনই হামলা চালিয়ে ১২ পুলিশ সদস্যকে হত্যা করে এবং এর প্রতিক্রিয়ায় বর্মি সেনাবাহিনী শুরু করে দমন অভিযান। শুরুতে সওজা মনে করেছিলেন, না পালিয়ে থেকে যাওয়াই তাঁর পরিবারের জন্য নিরাপদ হবে। কিন্তু জাবর খলিমুল্লাহ নামের এক স্থানীয় অবস্থাপন্ন ব্যক্তিকে হত্যার খবর যখন তাঁর কানে আসে, তিনি বাসা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গত বছরও এক দফা সহিংসতা হয়েছিল। সেবার কোনো রোহিঙ্গা ভূস্বামী পালায়নি। এবার তারাও পালাতে শুরু করেছে। সওজা বলেন, ১৫ দিনের যাত্রায় তিনি দেখেছেন, ক্লান্তিতে শক্তি নিঃশেষ হওয়া সন্তানেরা হাঁটতে পারছে না বলে বাবা-মা তাদের পথে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন। ৫০ বছর বয়সী এক লোক তাঁর ৮০ বছর বয়সী বাবাকে পথের ধারে রেখে গিয়েছেন। যেতে হয়েছে।
এমনকি আরও দক্ষিণে বাংলাদেশের সর্বদক্ষিণের ভূমি শাহপরীর দ্বীপে রশিদা বেগম নামের এক নারী কাঠের নৌকা থেকে নেমে এসেছেন সামান্য কিছু পোঁটলা আর তাঁর পরিবারের অবশিষ্ট কয়েকজনকে সঙ্গে নিয়ে। বর্মি সেনারা তাঁর ১৬ ও ২২ বছর বয়সী দুই মেয়েকে তুলে নিয়ে গেছে। পরে তিনি তাদের ছিন্নভিন্ন দেহ দেখতে পেয়েছেন। মেরে ফেলা হয়েছে তাঁর স্বামীকেও। সৈকতে আরও দূরে জনা ত্রিশেক রোহিঙ্গার আরেকটি দল। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার আগে তারা পাঁচ দিন ধরে পাহাড়ে লুকিয়ে ছিল। এই দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ওবায়দা খাতুন জানান, তাঁর সঙ্গে থাকা তিনজন তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।
মিয়ানমারের পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে নেমে যাওয়া বাংলাদেশের সরু ভূখণ্ডটিতে আগে থেকেই লাখ লাখ রোহিঙ্গার বসবাস। তারা ১৯৭৮ এবং ১৯৯১-৯২ সালের শরণার্থী ঢলে ঢুকে পড়েছে। তারা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে খাদ্য, রান্নার লাকড়ি, ভূমি আর কর্মসংস্থানের প্রতিযোগিতায় লিপ্ত। এটা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি। এই এলাকায় সাক্ষরতার হার ২৭ শতাংশ। ত্রাণসাহায্য আসছে টিমটিম করে—খাদ্য, পানি বিশুদ্ধকরণ উপকরণ, তাঁবুর কাপড়, তা-ও যৎসামান্য। এ সপ্তাহে সেখানে যাঁরা আশ্রয় খুঁজছিলেন, তাঁদের একজন জয়নাব বেগম। তাঁর বাবাকে বর্মি সেনারা হত্যা করেছে। জয়নাব বলেন, সবকিছু জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে।