রাষ্ট্র দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে না। উল্টো রাষ্ট্রই বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। যে কারণে সমাজ ও রাষ্ট্রের ওপর সংখ্যালঘুদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আজ শনিবার মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আলোচনা সভায় বক্তারা এ আশঙ্কার কথা বলেন।
‘বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান: রাষ্ট্রের ভূমিকা, সামাজিক বৈষম্য ও ভূমি অধিকার’ শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল আলোচক স্বপন আদনান বলেন, রাষ্ট্রে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। সমতলের লোকজন সাঁওতালদের নিয়ে একসঙ্গে বসে খায় না। এমনকি ওদের চা দেওয়া হয় আলাদা কাপে। যে কারণে সংখ্যালঘুরা এখন আর সমাজ ও রাষ্ট্রকে বিশ্বাস করে না।
অনুষ্ঠানের সভাপতি শাহ্দীন মালিক বলেন, রাষ্ট্র নিষ্ঠুর হয়ে গেছে। কিছু লোক রাষ্ট্রকে ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এর শুরু হয়েছিল ২০০২ সালে ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে। ভবিষ্যতে রাষ্ট্র কাউকে ছাড়বে না। প্রভাবশালীদের কাছে দেশের সকল নাগরিক সংখ্যালঘু হয়ে যাবে। এ অবস্থা থেকে রাষ্ট্রকে বের করে আনা কঠিন। তবুও চেষ্টা করে যেতে হবে।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আইনের বিষয়ে কেউই সচেতন নয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোনো ধরনের মামলা ছাড়াই সাঁওতাল দ্বিজেন টুডোকে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, গণমাধ্যমে শুধু সাঁওতালদের বিষয়টি ওঠে এসেছে। অথচ নির্যাতিতদের মধ্যে বাঙালিও আছে। এই আন্দোলনে তারাও সংখ্যালঘু।
অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা বলেন, সংবিধানে আদিবাসীদের সংস্কৃতির কথা বলা আছে। বৈষম্যহীন সমাজের কথা বলা আছে। কিন্তু আদিবাসীদের ভাষার কথা বলা নেই। আদিবাসীদের সুরক্ষা দিতে তৈরি করা আইনগুলোও পুরোনো। আর যেটুকু আইন আছে তারও কোনো প্রয়োগ নেই।
আদিবাসী নেতা সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীদের বিষয়ে রাষ্ট্র সংবেদনশীল নয়। রাষ্ট্রের অনুভূতি মরে গেছে। রাষ্ট্রের যে মানসিকতা তা আদিবাসীদের পক্ষে নয়। যে কারণে গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার বিষয়ে গত দুই মাসে কোনো অগ্রগতি হয়নি। যেন সাঁওতালদের কোনো রাষ্ট্র নেই। অথচ বিদেশের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক তৈরি করতে গিয়ে আদিবাসীদের দিয়ে নৃত্য পরিবেশন করা হয়। বাঙালি ও আদিবাসীদের সম্পর্ক তৈরি হলে এ সমস্যা কিছুটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন।
নাগরিক উদ্যোগের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন বলেন, সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের আচরণ এমন হয়ে গেছে যে—‘তোরা দেশ ছেড়ে চলে যা’।