রাষ্ট্র-সমাজ অপশক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না
বাংলাদেশকে যারা পেছনে নিয়ে যেতে চায়, যারা মুক্তবুদ্ধি এবং মুক্ত চিন্তার পথ রুদ্ধ করে দিতে চায়, তারাই একের পর এক নারকীয় হত্যায় মেতে উঠেছে। রাষ্ট্র এবং সমাজ এ অপশক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
‘প্রবাসী বাঙালি নাগরিক সমাজ’ আহুত এ প্রতিবাদ সমাবেশ এবং আলো হাতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নগরীর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ডে সফল হত্যাকারীদের দমন করতে না পারার ব্যর্থতা সরকারের। প্রকাশক দীপনসহ মুক্তমনা লেখকদের এ হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের এক অন্ধকার অধ্যায়। অবিলম্বে এসব হত্যাকারীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
বক্তারা বলেন, একদিকে সরকারি ব্যর্থতা, অন্যদিকে সামাজিক নির্লিপ্ততায় বাংলাদেশ ক্রমশ ভীতিকর জনপদ হয়ে উঠছে। দীর্ঘদিন নানা সব আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠা জঙ্গিরা আজ আর নীরব ঘাতক নয়। এরা ঘোষণা দিয়ে, তালিকা করে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ জন্য জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রাম থেকে নগর পর্যন্ত জঙ্গিবাদ এবং রক্ষণশীলতার বিরুদ্ধে প্রচারণায় নামতে হবে।
সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদুল্লাহ, হাসান আল আবদুল্লাহ, মুজাহিদ আনসারি, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, গোপাল সৈন্যাল, রাজীব আহসান, তফাজ্জল টুটুল ও মনিজা রহমান প্রমুখ।