রাষ্ট্র সর্বজনীন সংস্কৃতি তৈরি করতে পারছে না: হাসান আজিজুল হক
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি শতধা বিভক্ত। এটা খুব দুঃখজনক, স্বাধীন একটি রাষ্ট্র সর্বজনীন সংস্কৃতি তৈরি করতে পারছে না।
আজ বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কবি আবদুল গফফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতায় হাসান আজিজুল হক এসব কথা বলেন।
হাসান আজিজুল হক বলেন, ‘বাংলাদেশের নতুন নাগরিক যারা, তারা তাদের আত্মপরিচয়ের জায়গাটাকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। আত্মপরিচয়ের জায়গাটা তাদের শূন্য। এখন যদি আমাদের পরিবারের মধ্যে, শিক্ষাব্যবস্থার মধ্যে নিজের জাতিসত্তার পরিচয় না থাকে, তাহলে আমাদের সন্তানদের মধ্যে কোনো দিন এই জাতিসত্তা গড়ে উঠবে না। একটা দেশের মানুষ তার আইডেনটিটি জানে না। তার গর্ব ও অহংকার করার জায়গা বিদেশ, বিদেশি সংস্কৃতি! এর চেয়ে ভয়ংকর কিছু আমি ভাবতে পারি না।’
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সপ্তমবারের মতো ‘কবি আবদুল গফফার চৌধুরী স্মারক-বক্তৃতা ২০১৪’ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুর রহিম। এতে ‘বাঙালি সংস্কৃতির খোঁজে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। প্রবন্ধ উপস্থাপন শেষে হাসান আজিজুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবিপুত্র আলী মোসতাফা চৌধুরী।
এ সময় কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।