রাষ্ট্রকে আরও মহৎ ও উদার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রকে আরও মহৎ ও উদার হতে হবে। তাহলে একদিন দেশে দলিত সম্প্রদায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা সংখ্যালঘু হিসেবে কেউ পরিচিত হবেন না। সবাই পরিচিত হবেন মানুষ হিসেবে। রাষ্ট্রের কাছে কোনো বৈষম্য থাকবে না। বর্ণবৈষম্য দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। বাংলাদেশ দলিত পরিষদ, পরিত্রাণ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে মোট ১২ দফা দাবি জানানো হয়। এর মধ্যে আছে, বর্ণবৈষম্য বিলোপ-সংক্রান্ত আইন প্রণয়ন, উন্নয়নের ধারায় দলিত সম্প্রদায়কে সম্পৃক্ত করার জন্য জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন, জাতীয় মানবাধিকার কমিশন, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে দলিতদের জন্য বিশেষ সেল গঠন, দলিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত করা, জাতীয় সংসদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসন সংরক্ষণ ইত্যাদি।সংবাদ সম্মেলনে মিজানুর রহমান সরকারের প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ করার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো বৈষম্য আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী। রাষ্ট্রকে ক্ষুদ্র মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষকে সম্মান করতে হবে, মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এই দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না।কমিশন চেয়ারম্যান বলেন, ‘সভ্য সমাজে বৈষম্য থাকতে পারে না। মানবসত্তার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এ দেশের জন্মই হয়েছে। সাম্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি। সেই রাষ্ট্রে একজন নাগরিকের মর্যাদা থাকবে না—এটা হতে পারে না।’ তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনের এবারের বার্ষিক প্রতিবেদনে সব ধরনের বৈষম্য বিলোপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানানো হবে।কমিশন সব সময় অধিকারহীনদের পাশে দাঁড়াবে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘আমরা সেই দিনের অপেক্ষায় আছে যেদিন দলিত, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু শব্দগুলো অপ্রয়োজনীয় হয়ে যাবে। আমরা সবাই মানুষ, সবাই সমান, এক ও অভিন্ন হিসেবে পরিচিত হব।’মানবাধিকারকর্মী হামিদা হোসেন দলিত সম্প্রদায়ের সদস্যদের কোনো ক্ষেত্রে বৈষম্যের শিকার হলে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো গোষ্ঠীগত বৈষম্য থাকতে পারবে না। কেউ যদি কোনো সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণে অধিকার থেকে বঞ্চিত হন, সেটা আইনবিরুদ্ধ হবে।মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (মানবাধিকার) রীনা রায় দলিতদের অধিকার আদায়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন, ‘ব্রিটিশ ও পাকিস্তান আমলে আমরা বৈষম্যের শিকার ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশেও আমরা বৈষম্যের শিকার।’