রাষ্ট্রদূত আশফাকুর রহমান আর নেই

সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান আর নেই। শনিবার বিকেলে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আশফাকুর রহমান ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। অর্থনীতির ছাত্র আশফাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছিলেন। তিনি সিভিল সার্ভিস অব পাকিস্তানের (সিএসপি) ১৯৭০ ব্যাচের কর্মকর্তা ছিলেন। স্বাধীনতার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০০৭ সালে অবসরে যাওয়ার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিঙ্গাপুরে হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।
আগামী সোমবার তাঁর মেয়েরা দেশে ফিরলে আশফাকুর রহমানের জানাজা ও দাফন হবে।
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমানের মৃত্যুতে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) শোক প্রকাশ করেছে।