রাষ্ট্রদূত প্রত্যাহার বিষয়ে তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ককে ঢাকা থেকে প্রত্যাহারের ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান। 

মো. শাহরিয়ার আলম বলেন, তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক কয়েক দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে জানান, ১২ মে তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেটিও তিনি উল্লেখ করেছেন। তা ছাড়া কোনো দেশ তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তুরস্ক তেমন কিছু বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ এ ঘোষণা দেন। একাত্তরের ভয়ংকর খুনে বাহিনী আলবদরের নেতা ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গত মঙ্গলবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করা হয়। নিজামীর ফাঁসি কার্যকরের বিরুদ্ধে গত কয়েক দিনে তুরস্কে বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়েছে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ব্যাপারে তুরস্কের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে তুরস্কের তুলনা করার সুযোগ নেই। তুরস্কের সঙ্গে বন্ধুত্ব বেশ নিবিড়। অন্যদিকে, পাকিস্তান সব সময় একাত্তরের নির্মম সত্যের ভুল ব্যাখ্যা দিয়ে আসছে। বারবার বলার পরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো অব্যাহত রাখছে। তুরস্ক নিজামীর ফাঁসির পর যে প্রতিক্রিয়া দিয়েছে অতীতে এ ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তুরস্কের ব্যাপারে আমরা নিবিড় দৃষ্টি রাখছি।’

আরও পড়ুন...