রাষ্ট্রদূত সুপ্রদীপের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক
ভিয়েতনাম ও লাওসে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তুরস্কে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার থাকাকালে অনিয়ম ও ১৯ লাখ ৪৩ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দুটি করা হয়।দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে গতকাল রমনা থানায় এ দুটি মামলা করেন। প্রথম মামলায় সুপ্রদীপ চাকমাকে একমাত্র এবং ২১ নম্বর মামলায় তাঁর সঙ্গে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মশিউর রহমানকেও আসামি করা হয়েছে। প্রথম মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, তুরস্কে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন শেষে দেশে ফেরার সময় ব্যক্তিগত কোনো গাড়ি না এনে, গাড়ি আনা হয়েছে মর্মে ভুুয়া বিল-ভাউচারে দুই লাখ ১৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়।অপর মামলার এজাহারে বলা হয়েছে, তুরস্কে বাংলাদেশ দূতাবাসের সুপ্ত অ্যাকাউন্ট থেকে ১২ লাখ ৩০৬ টাকা (১৭ হাজার ৪০০ মার্কিন ডলার), কল্যাণ তহবিল থেকে তিন লাখ ১৮ হাজার ৯৩৫ টাকা (পাঁচ হাজার ডলার) ও ক্যাশ থেকে দুই লাখ পাঁচ হাজার ২৩৫ টাকাসহ (তিন হাজার ৭৬৪ দশমিক ৩৯ টার্কিশ লিরা) মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭৬ টাকা আত্মসাতের হিসাব পাওয়া গেছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে মামলা দুটি করা হয়।সূত্র জানায়, সুপ্রদীপ তুরস্কে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) পদে যোগ দেন ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর। ২০০৫ সালের ২৮ মে পদোন্নতি পেয়ে মিনিস্টার হিসেবে ২০০৭ সালের ১৫ নভেম্বর পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদে যোগ দেন। ২০০৯ সালের ৮ অক্টোবর তাঁকে ভিয়েতনামে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। সেখান থেকে তিনি লাওসের সঙ্গে বাংলাদেশের পক্ষে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।