রাষ্ট্রদূতদের স্মৃতিসৌধে না যাওয়া প্রতিবাদ: বিএনপি

বিজয় দিবসের সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের জাতীয় স্মৃতিসৌধে না যাওয়াকে এই সরকারের ‘প্রহসনের নির্বাচনের’ বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি।
আজ বুধবার গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন।
চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনের পরিস্থিতি তুলে ধরতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, বিজয় দিবস কোনো আকস্মিক বিষয় নয়। সুতরাং সেই দিন কোনো বৈঠকের আয়োজন স্বাভাবিক নয়। বিজয় দিবসে সকালে জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের যোগ না দেওয়ার বিষয়টি স্বাভাবিক ঘটনা নয়। সরকারের অগণতান্ত্রিক আচরণ ও নির্বাচনের নামে প্রহসনের বিরুদ্ধে এটি ইইউর এক ধরনের প্রতিবাদ বলে তাঁরা মনে করেন।
এই যোগ না দেওয়া কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কর্মকাণ্ডের পর্যায়ে পড়ে কি না, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা কতটুকু কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত, সেই বিষয়ে কিছু বলছি না। এটা দেশের জন্য বড় লজ্জাজনক ঘটনা। সরকারের আচরণের কারণে এমন ঘটনা ঘটছে।’
সরকারকে দায়ী করার কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপি খুশি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এতে খুশি বা বিরাগ হওয়ার কিছু নেই।’
নজরুল ইসলাম খান বলেন, সরকারের আচরণের কারণে জনগণ বিক্ষুব্ধ হয়েছে, বন্ধু রাষ্ট্রগুলোও মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ সরকার এসবের অনিবার্য পরিণাম দেখতে পারছে বলে মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘটনাও তাদের চোখ খুলতে পারছে না।
একতরফা নির্বাচনের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক সমাজে নির্বাচনের নামে যে নোংরা খেলা অনুষ্ঠিত করা হলো, তার দায় এবং লজ্জা ক্ষমতাসীন জোট সরকার এবং তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে চিরদিন বহন করতে হবে।
নজরুল ইসলাম বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের কোনো দায় নেই। অর্থাত্ পরিস্থিতি যা-ই হোক, তাতে তাদের কিছু যায়-আসে না। অথচ শান্তিপূর্ণ পরিবেশ, নিশ্চিন্তে ভোটারদের ভোটদানের সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সে কারণেই নির্বাচনকালীন প্রশাসন ও পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের কথামতো চলতে হয়।
নজরুল ইসলাম খান বলেন, সরকারের বিরুদ্ধে গণজোয়ারও থামবার নয়। নির্যাতনের মাত্রা যত বাড়বে, আন্দোলনের তীব্রতাও তত বাড়বে। তিনি দাবি করেন, অবরোধের দ্বিতীয় দিনে জোটের ৩৭৩ জন নেতা-কর্মী গ্রেপ্তার, ৪৮৭ জন আহত হয়েছেন।
বিশ্বজিত্ হত্যা মামলার রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, অনেক মামলারই বিচার হয় না। এখন এই আলোচিত মামলার বিচার হয়েছে, সেটা ভালো খবর। কিন্তু সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, সাগর-রুনি নিহত হয়েছেন। সেই মামলার কেন বিচার হচ্ছে না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহদপ্তর সম্পাদক আবদুুল লতিফ, শামীমুর রহমান, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।