রাষ্ট্রদ্রোহ মামলায় কিশোরগঞ্জ বিএনপির সভাপতি কারাগারে
রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম গতকাল বুধবার বিকেলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার রেললাইনে নাশকতা চালানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা বিএনপির সহসভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের ২৩ মার্চ ইটনা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান নিজ দলের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম কামাল হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নেন। ১৯ মার্চ রাতে দলীয় প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এমন অভিযোগ এনে আলী হোসেন নামে স্থানীয় আওয়ামী লীগের এক সমর্থক তাঁর বিরুদ্ধে ওই রাতেই ইটনা থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
১৮ আগস্ট পুলিশ অধর্তব্য (নন এফআইআর) মামলা হিসেবে আদালতে প্রতিবেদন জমা দেয়। চিকিৎসার জন্য ফজলুর রহমান তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ২৭ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২৭ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চ ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। ২৯ অক্টোবর উচ্চ আদালতের এ নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার জজ। পরবর্তী সময়ে ৬ নভেম্বর আপিল বিভাগ উচ্চ আদালতের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগ থেকে রায় পেয়ে ফজলুর রহমান প্রায় ছয় মাস পর ১২ নভেম্বর কিশোরগঞ্জে খালেদা জিয়ার সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে নিজ শহরে ফিরে আসেন।
ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং শরীফুল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি গতকাল বিকেলে শহরে বিক্ষোভ করেছে। এক দিনের ব্যবধানে জেলা বিএনপির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে এমন রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে দলটির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।