রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় করা এক মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ স্থগিতাদেশের পাশাপাশি বিষয়টি ৩০ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
ওই মামলায় মান্নার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে ৩০ আগস্ট হাইকোর্ট মান্নার জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান, সঙ্গে ছিলেন ড. শাহদীন মালিক।
সংশ্লিষ্ট আইনজীবী জানান, ওই মামলায় জামিন স্থগিত হওয়ায় এবং অন্য একটি মামলা থাকায় এখনই মাহমুদুর রহমান মুক্তি পাচ্ছেন না।